দুদিন পর দুই শিশুসহ পাঁচজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী‌তে রোববার সন্ধ্যার ঝ‌ড়ে পদ্মা নদী‌তে নৌকাডু‌বি‌তে পাঁচজন নি‌খোঁজ হন। গতকাল সকালে তাঁদের লাশ উদ্ধার করা হয়। ছ‌বি‌টি শহরের পদ্মা গা‌র্ডেন এলাকা থে‌কে তোলা l প্রথম আলো
রাজশাহী‌তে রোববার সন্ধ্যার ঝ‌ড়ে পদ্মা নদী‌তে নৌকাডু‌বি‌তে পাঁচজন নি‌খোঁজ হন। গতকাল সকালে তাঁদের লাশ উদ্ধার করা হয়। ছ‌বি‌টি শহরের পদ্মা গা‌র্ডেন এলাকা থে‌কে তোলা l প্রথম আলো

রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবির দুদিন পর গতকাল মঙ্গলবার সকালে দুই শিশুসহ পাঁচজনের লাশ ভেসে ওঠে। ফায়ার সার্ভিসের ডুবুরি ও স্থানীয় জেলেরা লাশগুলো উদ্ধার করেন। ঝড়ের কবলে পড়ে গত রোববার সন্ধ্যায় নৌকাটি ডুবে যায়।
নিহত দুই শিশু হচ্ছে নগরের দরগাপাড়া এলাকায় অবস্থিত জামেয়া ইসলামিয়া শাহ্ মখদুম মাদ্রাসার ছাত্র। তারা দুজনেই মাদ্রাসার মক্তবে (শিশু শ্রেণি) পড়াশোনা করত। তাদের একজনের নাম তামিম ইকবাল (১২), বাবার নাম মো. রুবন। বাড়ি মাদ্রাসারই পাশের পাঠানপাড়া মহল্লায়। অপর ছাত্রের নাম আবদুল আহাদ (১০), তার বাবা মো. আজিজ। বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ঝিকড়া গ্রামে।
নিহত অপর তিনজন হলেন রবিন শেখ (২৩), রফিকুল ইসলাম (৪৫) ও আসাদুল ইসলাম (৩৬)। তাঁদের মধ্যে রবিন শেখ রাজশাহী কলেজের মহারানী হেমন্ত কুমারী হিন্দু ছাত্রাবাসের কর্মচারী। আসাদুল ও রফিকুল ইসলাম নৌকার মাঝি। রফিকুল ইসলামের বাড়ি নগরের দরগাপাড়া এলাকায়। তাঁর আত্মীয় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, রফিকুলের ভাইয়ের দরজির দোকান রয়েছে। সেখানেই তিনি কাজ করতেন। আর মাঝেমধ্যে নৌকা নিয়ে যেতেন। গত রোববার বিকেলেও তিনি নৌকা নিয়ে গিয়েছিলেন। আসাদুল ইসলাম পবার চরশ্যামপুর (মধ্যচর) এলাকায় থাকতেন। ওই এলাকায় তাঁর শ্বশুরবাড়ি। তাঁর নিজের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়। রবিনের ভাই রিমন শেখ জানান, তাঁর ভাই দুই মাস আগে রাজশাহী কলেজের ছাত্রাবাসে দৈনিক মজুরি ভিত্তিতে কাজে ঢুকেছিলেন। তিনি অবসরে নৌকাও চালাতেন।
নৌকা থেকে জীবিত অবস্থায় উদ্ধার হওয়া যাত্রী রকির (২৬) বরাত দিয়ে নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, নৌকাটি পবা উপজেলার চর খিদিরপুর থেকে ছেড়ে আসে। নগরের পাঠানপাড়া এলাকা বরাবর এসে বড়কুঠি ঘাটের দিকে বাঁক নিচ্ছিল। এ সময় পাশের চর থেকে দুটি ছেলে তাদের নৌকায় তুলে নেওয়ার জন্য ডাক দেয়। মাঝি নৌকা ঘোরানোর উদ্যোগ নেন। এরই মধ্যে ঝড় ওঠে। নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। রকি সাঁতরে ঘাটে ভেড়েন। তাঁর নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রকি নিজেও নৌকার মাঝি।