দুদিন পর বন্দরে পণ্য ওঠানো-নামানো শুরু
দুই দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম বন্দর জেটিতে জাহাজ থেকে আমদানি-রপ্তানি পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম চালু হয়েছে। ঘূর্ণিঝড় ‘মোরা’র সম্ভাব্য ক্ষতি এড়াতে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ায় এ সময়ে জাহাজ থেকে পণ্য ওঠা-নামা বন্ধ ছিল।
গত মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড় মোরা আঘাত হানলেও চট্টগ্রাম বন্দরের অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি। এর আগে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে গত সোমবার বন্দর জেটিতে থাকা সব জাহাজ গভীর সাগরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ঝড়ের সময় জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে যাতে বন্দর জেটি ও অন্যান্য স্থাপনায় আঘাত না হানে সে জন্য গভীর সাগরে পাঠানো হয়।
বন্দর সূত্রে জানা গেছে, গত সোমবার যে ২৪টি জাহাজ জেটি থেকে সাগরে পাঠানো হয়েছিল সেগুলো গতকাল বুধবার বন্দর জেটিতে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়। বিকেল পাঁচটা পর্যন্ত ১৭টি জাহাজ বন্দরের মূল জেটি ও বিশেষায়িত জেটিতে ভিড়েছে।
বন্দর কর্মকর্তারা জানান, গতকাল বুধবার দুপুরে বন্দরের নিউমুরিং টার্মিনালের জেটিতে ‘এমভি ম্যাজিস্টিক’ নামের কনটেইনারবাহী জাহাজটি ভিড়ানো হয়। ঘূর্ণিঝড় আঘাত না হানলে এই জাহাজটি সোম বা মঙ্গলবারের মধ্যে বন্দর ত্যাগ করার কথা ছিল। দুর্যোগের কারণে এই জাহাজটিকে বাড়তি দুই-তিন দিন বন্দরে অবস্থান করতে হচ্ছে। এই জাহাজটির মতো আরও ১০টি কনটেইনার জাহাজকে বাড়তি সময় বন্দরে অবস্থান করতে হচ্ছে।
বন্দর সচিব ওমর ফারুক গতকাল প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড়ের কারণে দুদিন জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানো না হওয়ায় বন্দরে পণ্য পরিবহনে বাড়তি চাপ তৈরি হয়েছে। এই চাপ পুষিয়ে নিতে বাড়তি কাজ হচ্ছে বন্দরে।
এদিকে ভারী বর্ষণের কারণে গতকাল বন্দরের বহির্নোঙর বড় জাহাজ থেকে পণ্য খালাসের কাজে ব্যাঘাত ঘটে। বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য স্থানান্তরে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ শিপ হ্যান্ডেলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশনের সহসভাপতি এ কে এম শামসুজ্জামান বলেন, ভারী বর্ষণের কারণে বড় জাহাজ থেকে পণ্য স্থানান্তর কাজে ব্যাঘাত হচ্ছে।