দুদিন পরও উদ্ধার তৎপরতা শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় নির্মাণাধীন চারতলা ভবন ধসে পড়ার দুদিন পেরিয়ে গেলেও উদ্ধার তৎপরতা শুরু হয়নি। ধসে ভবনের আশপাশের বাড়ির বাসিন্দারা এখনো আতঙ্কে দিন কাটাচ্ছেন।
শুভাঢ্যা পশ্চিমপাড়া পুরান কলোনি এলাকায় গত সোমবার রাত নয়টার দিকে নির্মাণাধীন শহিদুল ইসলামের চারতলা ভবনটি তাঁর বড় ভাই মতিউর রহমান টিনশেডের তিনটি টংঘরের ওপর ধসে পড়ে।
গতকাল বুধবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, ধসে পড়া ভবনটির বেশির ভাগ অংশ পানিতে তলিয়ে গেছে। ভবনটির যে টিনশেডের টংঘরটির ওপর হেলে পড়েছিল তা-ও পানির নিচে তলিয়ে গেছে। ধস-আতঙ্কে আশপাশের অনেক বাড়ির লোকজন তাদের মালামাল সরিয়ে নিচ্ছে। এদিকে এলাকার নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে পুলিশ পাহারা দিচ্ছে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, প্রশাসন ধসে পড়া ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছে। শিগগিরই এ ব্যাপারে সেখানে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হবে। এ ছাড়া ভবনটি অপসারণ ও ভাঙার ব্যাপারে রাজউককে চিঠি দিয়ে অবহিত করা হবে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন মীর বলেন, ধসে পড়া ভবনটি অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।