দুদিনব্যাপী শরীর গঠন প্রতিযোগিতা শুরু

সেলিম আল মাহমুদ-ওয়ালটন বিএবিবিএফ মিস্টার ঢাকা, মাস্টার ঢাকা নামে শরীর গঠন প্রতিযোগিতা-২০১৭ শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
ক্রীড়াসংগঠক সেলিম আল মাহমুদ স্মরণে জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন। এতে ৮০টি ক্লাব ও সংস্থার ২০০ জন সদস্য অংশগ্রহণ করছেন। প্রাথমিক বাছাই শেষে ৪৮ জনকে চূড়ান্ত পর্বের জন্য মনোনয়ন দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষায় সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর আহ্বান জানিয়ে সাঈদ খোকন বলেন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য নগরের বিভিন্ন এলাকায় সিটি করপোরেশনের অনেক শরীরচর্চাকেন্দ্র রয়েছে। নতুন করে আরও শরীরচর্চাকেন্দ্র নির্মাণ করা হবে। এসব কেন্দ্রে পর্যাপ্ত উপকরণ দেওয়া হবে।
ডিএসসিসির ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএসসিসির ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু আহমেদ মন্নাফী, ওয়ালটন গ্রুপের স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফ এম ইকবাল বিন আনোয়ার, বডি বিল্ডার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।