দুদিনে প্রাণ গেল ১২ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিগ্রি পরীক্ষায় অংশ নিতে স্বামীর মোটরসাইকেলে চড়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন অসীমা রায়। তাঁর কোলে নয় মাসের শিশুসন্তান। বাতাসের তোড়ে উল্টে যাওয়া ছাতা সামলাতে গিয়ে বাচ্চাসহ মোটরসাইকেল থেকে পড়ে যান তিনি। এ সময় ট্রাকের চাপায় নিহত হন মা ও শিশুসন্তান। গতকাল সোমবার নওগাঁর মান্দা উপজেলায় এ ঘটনাসহ তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন চারজন।

এর আগে গত রোববার নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শিশুসন্তানসহ মোটরসাইকেলের আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। ওই দিন সাতটি স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আটজন।

এ দুই দিনের দুর্ঘটনাসহ গত ১৬১ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৬১৩ জন প্রাণ হারিয়েছেন। সংশ্লিষ্ট জেলা থেকে প্রথম আলোর প্রতিনিধিদের খবরে বিস্তারিত:

নওগাঁর মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, মান্দা উপজেলায় ট্রাকের চাপায় নিহত অসীমা রায় (২৪) তাঁর স্বামী রামায়ণ চন্দ্র রায়ের মোটরসাইকেলে চড়ে পরীক্ষা কেন্দ্র মান্দা কলেজে যাচ্ছিলেন। সঙ্গে শিশুসন্তান বিজয় রায়। নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাতবাড়িয়া এলাকায় বাতাসের তোড়ে ছাতা সামলাতে গিয়ে বাচ্চাসহ মোটরসাইকেল থেকে পড়ে যান অসীমা রায়। এ সময় বিপরীত থেকে আসা ট্রাকের চাপায় এতে ঘটনাস্থলেই মারা যান মা ও শিশু।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাসের ধাক্কায় মো. খোরশেদ আলী (৭৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন গতকাল বিকেলে। উপজেলার তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কের দৌলতপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার খয়খাটপাড়া এলাকার বাসিন্দা।

রংপুরের তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ফুলতি বেগম (২৪) নামের এক তরুণী নিহত হয়েছেন গতকাল দুপুরে। রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার ইকরচালী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নীলফামারীর কিশোরগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে আবদুল লতিফ (৬৫) নামে একজন নিহত হয়েছেন রোববার রাতে। কিশোরগঞ্জ-পাগলাপীর সড়কের গঞ্জিপুর নামক স্থানে ওই দুর্ঘটনাটি ঘটে। লতিফ উপজেলার পূর্ব দলিরাম বড়বাড়ি গ্রামের বাসিন্দা।

গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য সুরুজ খান বলেন, লতিফ রংপুরের হাজির হাট থেকে রোববার রাত আটটার দিকে ইজিবাইকযোগে নিজ বাড়ি ফিরছিলেন। কিশোরগঞ্জ-পাগলাপীর সড়কের গঞ্জিপুর নামক স্থানে ইজিবাইকটি একটি ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায়। উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লতিফ মারা যান।