শাহবাগে জোড়া খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত সোহেল রানাকে পুলিশ দুদিনেও গ্রেপ্তার করতে পারেনি।
গত মঙ্গলবার রাতে মাদকাসক্ত যুবক সোহেল রানার ছুরিকাঘাতে তাঁর পূর্বপরিচিত মাদকাসক্ত মোতালেব হেসেন (৪০) ও মো. হাবিব খুন হন বলে অভিযোগ রয়েছে। গত বুধবার পুলিশ বাদী হয়ে জোড়া খুনের ঘটনায় সোহেল রানাকে আসামি করে মামলা করে। মামলাটি তদন্ত করছে শাহবাগ থানার পুলিশ।
মামলার তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, নিহত মোতালেব ও হাবিব এবং সোহেল রানা পরস্পর পরিচিত। তাঁদের কোনো বাড়িঘর নেই। তাঁরা একসঙ্গেই ফুটপাত বা পদচারী-সেতুতে ঘুমাতেন। মঙ্গলবার রাতে মোতালেবের কাছে সোহেল রানা গাঁজা চান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মোতালেব সোহেল রানাকে ঘুষি মারেন। এ সময় সোহেল রানা সেখান থেকে চলে যান এবং কিছুক্ষণের মধ্যে একটি ছুরি নিয়ে ফিরে এসে মোতালেবকে ছুরিকাঘাত করেন। এ সময় হাবিব বাধা দিলে সোহেল রানা তাঁকেও ছুরিকাঘাত করে পালিয়ে যান।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, সোহেল রানাকে শনাক্ত করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।
ওসি বলেন, নিহত ব্যক্তিরা এবং হামলাকারী পকেটমার ও ছিনতাইয়ে জড়িত। দেড় মাস আগে ছিনতাই করতে গিয়ে সোহেল রানা গ্রেপ্তার হন। সপ্তাহ খানেক আগে সোহেল জামিনে কারাগার থেকে বেরিয়ে আসেন। নিহত মোতালেব ও হাবিবের লাশ বেওয়ারিশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে আছে।