দুদিনের জন্য খুলেছে শেখ কামাল সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা সড়কের কলাপাড়া ফেরিঘাটের পন্টুন ও গ্যাংওয়ে জোয়ারের পানিতে তলিয়ে গেছে। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো
পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা সড়কের কলাপাড়া ফেরিঘাটের পন্টুন ও গ্যাংওয়ে জোয়ারের পানিতে তলিয়ে গেছে। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো

পটুয়াখালীর কলাপাড়া ফেরিঘাটের পন্টুনসহ গ্যাংওয়ে জোয়ারের পানিতে ডুবে যাওয়ায় গতকাল মঙ্গলবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এই প্রেক্ষাপটে জনদুর্ভোগ কমাতে দুই দিনের জন্য খুলে দেওয়া হয়েছে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের শেখ কামাল সেতু।
কলাপাড়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে ফেরি চলাচল বন্ধ হয়ে গেলে যানবাহনের দীর্ঘ জটের সৃষ্টি হয়। কুয়াকাটা পৌরসভার নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও যানবাহনসহ আটকা পড়েন। এই পরিপ্রেক্ষিতে সকাল সাড়ে আটটার দিকে সেতুটি খুলে দেওয়া হয়। এরপর থেকেই সব ধরনের যানবাহন চলাচল করে। ফেরিটি বন্ধ হয়ে যাওয়ায় কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকদের মধ্যে অস্বস্তি নেমে আসে। পরে সেতুটি খুলে দেওয়ায় তাঁদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
কলাপাড়া সওজের তত্ত্বাবধায়ক মো. এনামুল হক প্রথম আলোকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সবার দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে সেতুটি খুলে দেওয়া হয়েছে।
প্রায় দুই মাস আগে এই সেতুর নির্মাণকাজ সম্পন্ন হলেও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি। আগামী মাসে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হতে পারে।