দুধ ও ভুসির দাম সমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গরুর ভুসির দাম বেড়েই চলছে। এক কেজি ভুসি বর্তমানে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। অথচ এক লিটার দুধের দামও ৩৫ টাকা।

উপজেলার ধানগড়া ও চান্দাইকোনা বাজারে গতকাল রোববার খোঁজ নিয়ে জানা যায়, মাত্র এক সপ্তাহ আগে ৩৫ কেজির এক বস্তা ভুসির দাম ছিল ১ হাজার ৮০ টাকা থেকে ১ হাজার ১৫০ টাকা। বর্তমানে সেই ভুসির বস্তাই বিক্রি হচ্ছে ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২০০ টাকায়। খুচরা বাজারে প্রতি কেজি ভুসি ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। ফলে ভুসিসহ গরুর অন্যান্য খাবার কিনতে হিমশিম খাচ্ছেন গরু লালনপালনকারীরা।

উপজেলার রায়গঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রণতিথা এলাকার ফজল হোসেন বলেন, ‘দুধ বিক্রি করি ৩৫ টাকা লিটার আবার ভুসি কিনি ৩৫ টাকা কেজি। ফলে কোনোভাবেই লাভ হচ্ছে না। ভুসিসহ অন্যান্য জিনিসের দাম বেড়ে যাওয়ায় গরু পালন করা কঠিন হয়ে পড়েছে।’ একই ধরনের কথা বলেন ধানগড়া ইউনিয়নের আবুদিয়া গ্রামের আবু সাইদ, আজাহার আলী, বেতুয়া গ্রামের শহিদুল ইসলামসহ ১০ জন। তাঁদের ধারণা, ঈদুল আজহা উপলক্ষে মহাজনেরা ভুসির দাম আরও বাড়াতে পারেন।

এ বিষয়ে ধানগড়া বাজারের খুচরা ব্যবসায়ী নূরনবী সরকার বলেন, ‘আমরা দিন এনে দিন ভুসি বিক্রি করি। মহাজনদের বেঁধে দেওয়া দামে আমরা বিক্রি করি।’

বাজারের ব্যবসায়ী আবদুল লতিফ সরকার বলেন, মিল মালিকেরা নানা অজুহাতে ভুসির দাম বাড়িয়ে দিচ্ছেন। কেনা দাম বিবেচনা করে তাঁদের বিক্রি করতে হয়।