দুধ ও মাংসের উৎপাদন বেড়েছে দ্বিগুণেরও বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত পাঁচ বছরে দেশে দুধ ও মাংসের উৎপাদন দ্বিগুণেরও বেশি বেড়েছে। ডিমের উৎপাদন বেড়েছে ৩০ শতাংশের বেশি। দুধ-ডিম ও মাংস খাওয়ার পরিমাণ দুই থেকে তিন গুন বেড়েছে।

আজ বুধবার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ছায়েদুল হক। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আগামী ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি দেশব্যাপী প্রথমবারের মতো কেন্দ্রীয়ভাবে ঢাকায় এবং জেলা ও উপজেলা পর্যায়ে ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৭’ উদ্‌যাপন উপলক্ষে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়। এবারের সপ্তাহের মূল বিষয় ‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি-সুস্থ সবল মেধাবী জাতি’।

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ছায়েদুল হক বলেন, গত পাঁচ বছরে দেশে তরল দুধের উৎপাদন ৩৪ লাখ ৬০ হাজার মেট্রিক টন থেকে বেড়ে ৭২ লাখ ৭৫ হাজার মেট্রিক টন হয়েছে। মাংসের উৎপাদন ২৩ লাখ ৩০ হাজার টন থেকে ৬১ লাখ ৫২ হাজার টন এবং ডিমের উৎপাদন ৭ কোটি ৩৮ লাখ পিস থেকে বেড়ে ১১ কোটি ৯১ লাখ ২৪ হাজার টনে উন্নীত হয়েছে।

কেন্দ্রীয়ভাবে যেসব কার্যক্রম গ্রহণ করা হয়েছে তা হলো, সকল পর্যায়ের জনগণকে সঙ্গে নিয়ে বর্ণাঢ্য র‍্যালি, সভা ও সেমিনার, প্রাণিসম্পদ অধিদপ্তর ও উদ্যোক্তাদের অংশগ্রহণে প্রাণিসম্পদ বিষয়ক মেলা, গবাদিপশুর উন্নত জাত প্রদর্শনের জন্য ঢাকার উপকণ্ঠে কেরানীগঞ্জে উন্নত জাতের গবাদিপশু প্রদর্শনী, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রাণিসম্পদ বিষয়ক রচনা প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০১৫-১৬ অর্থবছরে মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি’তে প্রাণিসম্পদ খাতের অবদান ছিল ১.৬৬ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩.২১ শতাংশ। মোট কৃষিজ জিডিপি’তে প্রাণিসম্পদ খাতের অবদান প্রায় ১৪.২১ ভাগ। তা ছাড়া ২০১৫-১৬ অর্থ বছরে প্রাণিসম্পদ খাতে জিডিপির আকার ছিল ৩২ হাজার ৯১০ কোটি টাকা, যা বিগত ২০১৪-১৫ অর্থবছরের তুলনায় ৩ হাজার ২৩ কোটি টাকা বেশি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রাণিসম্পদ অধিদপ্তর গবাদিপশু ও হাঁস-মুরগির সংক্রামক রোগ প্রতিরোধ করার জন্য নিজস্ব গবেষণাগারে বর্তমানে ১৬ প্রকারের টিকা তৈরি করছে যা মাঠ পর্যায়ে গবাদিপশুর রোগ প্রতিরোধে ভূমিকা রাখছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে চিকিৎসাসেবা প্রদানের জন্য বর্তমানে দেশের প্রতিটি উপজেলায় ভেটেরিনারি হাসপাতাল রয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন একটি কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল, ১০ টি মেট্রোপলিটন প্রাণিসম্পদ দপ্তর, ৬৪ টি জেলা ভেটেরিনারি হাসপাতাল, ৪৯০ টি উপজেলা ভেটেরিনারি হাসপাতাল এবং গবাদিপশু ও হাঁস-মুরগির ০৮টি আঞ্চলিক রোগ অনুসন্ধান গবেষণাগার ও একটি কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগার থেকে রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

সভায় মন্ত্রণালয়ের সচিব মাকসুদুল হাসান খান ও প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আইনুল হকসহ প্রমূখ উপস্থিত ছিলেন।