দুধ-ভাত জুটবে না খাজার পরিবারে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের বসতবাড়ি নেই। অন্যের জায়গায় ঘর তুলে বাস করে খাজা ব্যাপারীর পাঁচ সদস্যের পরিবার। বিদেশি জাতের একটি গাভির দুধ বিক্রির টাকায় কোনো রকমে চলত তাঁর সংসার। কিন্তু গত মঙ্গলবার গরুটি মারা যাওয়ায় পরিবারটি পথে বসার উপক্রম হয়েছে।
খাজা ব্যাপারী নাটোরের গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় খলিফাপাড়া মহল্লার আবদুল কাদের নামের এক ব্যক্তির জায়গায় বাস করেন। তিনি বলেন, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন আবু কায়েস-বিন আজিজের দায়িত্ব অবহেলা ও ভুল চিকিৎসায় তাঁর গাভিটি মারা গেছে। এ ঘটনায় গতকাল বুধবার তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রাণিসম্পদ বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগের অনুলিপি ও খাজা ব্যাপারীর সঙ্গে কথা বলে জানা যায়, গাভিটি দ্বিতীয়বারের মতো গত সোমবার একটি বকনা বাছুর প্রসব করে। এরপর গাভিটি দুর্বল হয়ে পড়ে। মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি ভেটেরিনারি সার্জন আবু কায়েস-বিন আজিজকে দিয়ে গাভিটির চিকিৎসা করান। এ জন্য তাঁর কাছ থেকে এক হাজার টাকাও নেওয়া হয়। গাভির শরীরে ইনজেকশন দেওয়ার পর থেকে সেটি অস্বাভাবিক আচরণ শুরু করে। এরপর ওই চিকিৎসককে ডেকেও পাওয়া যায়নি। বিকেল চারটার দিকে গাভিটি মারা যায়।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, খাজা ব্যাপারী বছর দেড়েক আগে বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ঋণ নিয়ে দেড় লাখ টাকায় গাভিটি কেনেন। প্রথমবার বাচ্চা দেওয়ার পর গাভিটি প্রতিদিন গড়ে ৩০ লিটার দুধ দিত। সেই দুধ বিক্রির টাকায় এনজিওর কিস্তি ও সংসার চলেছে।
খাজা ব্যাপারী বলেন, গাভিটি মারা যাওয়ার পর তিনি পথে বসতে চলেছেন। এনজিওর ঋণ আর সংসার চালানো নিয়ে উদ্বিগ্ন তিনি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তিনি ওই চিকিৎসকের শাস্তির দাবি করেন।
এ ব্যাপারে আবু কায়েস-বিন আজিজ বলেন, দায়িত্বে অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ ঠিক নয়। দুধজ্বর বা মিল্ক ফিভারের কারণে গাভিটি মারা গেছে। তবে অফিসে কাজের চাপ থাকায় দ্বিতীয়বার তিনি ঘটনাস্থলে যেতে পারেননি।
ইউএনও ইয়াসমিন আক্তার বলেন, এ-সংক্রান্ত একটি মৌখিক অভিযোগ মঙ্গলবার রাতে পৌর মেয়র শাহনেওয়াজ আলী তাঁকে জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে তিনি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে তা অবহিত করেন। কর্মস্থলে না থাকায় গতকাল এ ঘটনায় লিখিত অভিযোগ হয়েছে কি না, তিনি তা জানেন না।