দুধ সংগ্রহ বন্ধ, দামও কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে মিল্ক ভিটার বাঘাবাড়ী কারখানার ছাঁটাই করা শ্রমিকেরা ধর্মঘট শুরু করায় দুধ সংগ্রহ বন্ধ হয়ে গেছে। অবরোধ-হরতালের অজুহাতে দুধ সংগ্রহকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলো দুধের দাম কমিয়ে দিয়েছে। এতে মিল্ক ভিটার সদস্য ও বেসরকারি প্রতিষ্ঠানে দুগ্ধ সরবরাহকারী খামারিরা দুধ নিয়ে বিপদে পড়েছেন। দুধের দাম কমে যাওয়ায় তাঁরা লোকসান দিচ্ছেন।
খামারি ও সমবায় সমিতির সদস্যরা জানান, অবরোধ-হরতালের অজুহাত দেখিয়ে সিরাজগঞ্জ ও পাবনা জেলায় দুধ সংগ্রহকারী ব্র্যাক, প্রাণ, আকিজ ডেইরিসহ প্রায় আটটি বেসরকারি প্রতিষ্ঠান দুধের দাম লিটারপ্রতি চার টাকা কমিয়ে দিয়েছে। একই সঙ্গে বাঘাবাড়ী কারখানার ছাঁটাই করা শ্রমিকেরা গত বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করায় ঢাকায় দুধ পাঠানো যাচ্ছে না। এ কারণে মিল্ক ভিটাও দুধ সংগ্রহ বন্ধ রেখেছে। এতে লোকসান দিয়ে দুধ বিক্রয় করায় খামারি ও মিল্ক ভিটার সমবায় সমিতির সদস্যরা পথে বসার উপক্রম হয়েছেন।
শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রুহান খামারের মালিক রফিকুল ইসলাম বলেন, প্রতিদিন তাঁর নিজের খামারে এক হাজার লিটার দুধ উৎপাদিত হয়। এক সপ্তাহ ধরে মিল্ক ভিটা সকালবেলায় দুধ সংগ্রহ বন্ধ রেখেছে। মিল্ক ভিটায় দুধ বিক্রি করে মানভেদে ৪২ থেকে ৪৭ টাকা পর্যন্ত পাওয়া যায়। অথচ পাঁচ দিন ধরে বাইরে ২০ টাকা লিটার দরে দুধ বিক্রি করতে হয়েছে। অপরদিকে হরতাল-অবরোধের কারণে গোখাদ্যের দাম প্রতি বস্তায় ২০০ থেকে ৩০০ টাকা বেড়েছে। সব মিলিয়ে দুধ এখন উৎপাদন খরচের চেয়ে অর্ধেকেরও কম দামে বিক্রি করা হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে অল্প সময়ের মধ্যেই খামারিরা পথে বসবেন। বাঘাবাড়ী বাজারের খামারি আবদুল মান্নান বলেন, ‘ব্র্যাক এবং প্রাণে আমরা দুধ দিই। প্রতিদিন এক থেকে দুই হাজার লিটার দুধ সরবরাহ করতাম। হরতাল-অবরোধের অজুহাত দেখিয়ে প্রতিষ্ঠানগুলো এখন দুধ অর্ধেক নিচ্ছে। তার পরও দুধের দাম লিটারপ্রতি চার টাকা করে কমিয়ে দিয়েছে।’
ব্র্যাক ডেইরির (আড়ং দুধ) পাবনার আঞ্চলিক ব্যবস্থাপক আলতাফ হোসেন জানান, হরতাল-অবরোধের মধ্যেও খামারিদের কথা বিবেচনা করে তাঁরা দুধ সংগ্রহ অব্যাহত রেখেছেন। খুচরা বাজারে দুধের চাহিদা কম থাকায় দুধের দাম লিটারপ্রতি চার টাকা কমাতে হয়েছে। প্রতিদিন ১৩ হাজার ৪৬৬ জন খামারির কাছ থেকে ৮০ থেকে ৮৫ হাজার লিটার দুধ সংগ্রহ করা হচ্ছে। খুচরা বাজারে দাম বাড়লে খামারিদের দুধের দামও বাড়িয়ে দেওয়া হবে। বর্তমানে বেশির ভাগ দুধ পাউডার করে রাখা হচ্ছে।
প্রাণ ডেইরির শাহজাদপুরের বাঘাবাড়ী কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, প্রতিদিন পাঁচ হাজার লিটার দুধ সংগ্রহ করা হতো। হরতাল-অবরোধের কারণে এখন আড়াই থেকে তিন হাজার লিটার দুধ সংগ্রহ করা হচ্ছে। গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই দফায় দুধের দাম কমিয়ে প্রতি লিটার ৪২ টাকার পরিবর্তে ৩৮ টাকা দেওয়া হচ্ছে। খুচরা বাজারে দুধের দাম কমে যাওয়ায় বাধ্য হয়ে খামারিদের কাছ থেকে কম দামে দুধ কিনতে হচ্ছে। মিল্ক ভিটার বাঘাবাড়ী কারখানার ব্যবস্থাপক ইদ্রিস আলী বলেন, মিল্ক ভিটা দুধের দাম না কমালেও শ্রমিকদের ধর্মঘটের কারণে গাড়ি ঢুকতে না পারায় সংগ্রহ করা দুধ ঢাকায় পাঠানো যাচ্ছে না। এ কারণে বাধ্য হয়ে দুধ সংগ্রহ মাঝেমধ্যে বন্ধ রাখতে হচ্ছে।