দুধ সরবরাহ বন্ধ
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন মিল্ক ভিটার বাঘাবাড়ী কেন্দ্র থেকে সংগৃহীত দুধ ঢাকার প্রধান কারখানায় সরবরাহ বন্ধ রয়েছে। বেতন না পাওয়ার অভিযোগ এনে শ্রমিকেরা দুধ সরবরাহ বন্ধ করে দিয়েছেন বলে জানা গেছে। ফলে আজ শুক্রবার থেকে দুধ সংগ্রহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়েছেন খামারিরা।মিল্ক ভিটা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মিল্ক ভিটার প্রায় ৪৫০ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। এরপর বেশ কিছু কর্মকর্তা-কর্মচারীকে চাকরিতে পুনর্বহাল করা হয়। গত জানুয়ারি থেকে তাঁরা কাজে যোগ দেন। কিন্তু এ পর্যন্ত তাঁরা বেতন-ভাতা পাননি। বেতন-ভাতার দাবিতে তাঁরা দুধ সরবরাহ বন্ধ করে দিয়েছেন।মিল্ক ভিটার বাঘাবাড়ী কারখানার ব্যবস্থাপক ইদ্রীচ আলী বলেন, বৃহস্পতিবার পর্যন্ত খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করা হয়েছে। কিন্তু বুধবার বিকেলের পর থেকে দুধ ঢাকায় যায়নি।