দুধকুমার নদের তীরে ভারতের বাঁধ নির্মাণ অব্যাহত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তের শূন্য রেখা থেকে ১৫০ গজের মধ্যে একতরফাভাবে দুধকুমার নদের তীর সংরক্ষণ বাঁধের নির্মাণকাজ অব্যাহত রেখেছে ভারত।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একাধিকবার এ নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে পতাকা বৈঠক করলেও কাজ বন্ধ করেনি ভারত।সর্বশেষ গত রোববার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকে বাঁধ নির্মাণ বন্ধের অনুরোধ করে বিজিবি। বিএসএফ বাঁধ নির্মাণকাজ স্থগিতের আশ্বাস দিলেও গতকাল সোমবার বিকেল পর্যন্ত তীর সংরক্ষণকাজের সরঞ্জামাদি সরায়নি বলে বিজিবি জানিয়েছে। বিজিবি সূত্র জানায়, ভূরুঙ্গামারী উপজেলার চর উত্তর তিলাই সীমান্তে রোববার বেলা সাড়ে তিনটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত দুই দেশের মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল জিয়াউল হক খালেদ। এ সময় উপস্থিত ছিলেন স্টাফ অফিসার মেজর ইকবাল হোসেন, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু তাহের, লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. এনায়েতুল্লাহ। বিএসএফের পক্ষে পশ্চিম বাংলার কোচবিহার জেলার তুফানগঞ্জের ৭ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট জে কে বীরদি, স্টাফ অফিসার পি কে নাগ (ডিসি), স্টাফ অফিসার মনীষ কুমার (ডিসি), ভারতের তুফানগঞ্জ এলাকার ইরিগেশন ইঞ্জিনিয়ার এম আর এ পাল (এসডিও), কোচবিহারের ইরিগেশন ইঞ্জিনিয়ার এস কে সরকার ও জলপাইগুড়ি এলাকার ইরিগেশন ইঞ্জিনিয়ার ডি কে ধর।বৈঠকের আগে উভয় দেশের তিনজন (বাংলাদেশের দুজন) পানি উন্নয়ন প্রকৌশলী বাঁধ এলাকা পরিদর্শন করেন। এদিকে বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে ভারত নিজেদের অংশে দুধকুমার নদের তীর সংরক্ষণ এবং বাঁধ নির্মাণ করায় পতাকা বৈঠকে এ কাজের প্রতিবাদ করে বিজিবি। বৈঠকে উভয় কর্তৃপক্ষের মধ্যে সিদ্ধান্ত হয় সীমান্তের শূন্য রেখা থেকে ১৫০ গজের মধ্যে নদের তীর সংরক্ষণ এবং বাঁধ নির্মাণকাজের বিষয়টি পর্যবেক্ষণ করবে দুই দেশের যৌথ জরিপ দল। বিজিবি সূত্র জানায়, উপজেলার চর উত্তর তিলাই সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৯৬-এর ৮ এস সাবপিলারের পাশে ভারত বাংলাদেশকে না জানিয়ে দুধকুমার নদে ৫২০ মিটার তীর সংরক্ষণের জন্য বাঁধের কাজ শুরু করে। এর মধ্যে ১২০ মিটার পড়েছে নোম্যান্স ল্যান্ডে। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী, নোম্যান্স ল্যান্ডে কোনো ধরনের স্থাপনা তৈরির বিধান নেই। উদ্ভূত পরিস্থিতিতে ৬ মার্চ বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক দফা পতাকা বৈঠক হয়। ওই বৈঠকে ভারত কাজ বন্ধের প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি। এরপর ৮ মার্চ বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে দ্বিতীয় দফা পতাকা বৈঠক হয়। কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল জিয়াউল হক খালেদ বলেন, যৌথ জরিপ না হওয়া পর্যন্ত নোম্যান্স ল্যান্ডে নির্মাণকাজ স্থগিত রাখার জন্য ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।