দুধকুমার নদের ভাঙনে ২০০ পরিবার গৃহহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুকনা মৌসুমের শুরুতেই কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে দুধকুমার নদের ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে ওই এলাকার দুই শতাধিক পরিবার ভাঙনের শিকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। ভাঙনের মুখে পড়েছে আরও ৩০ হাজার মানুষ।
ঘোগাদহ ইউনিয়নের খামার রসুলপুর গ্রামের বাহাউদ্দিন (৬৫) বলেন, ‘হামরা তো জমিজমা বসতভিটা সউগ গেইল। কিন্তু সরকার তো চোখে দেখে না। উপায় না পায়া নিজেরা চেষ্টা করবার নাগছি বাঁশের পাইলিং দিয়া ভাঙন ঠেকাবার।’
ঘোগাদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মালেক বলেন, ‘৭ ও ৮ নম্বর ওয়ার্ডে খামার, চর রসুলপুর, গিরের পার, ব্রহ্মত্রর, মাঝিপাড়া, কাজলদহ ও খাড়ুয়ারপাড় গ্রামে ভাঙন চলছে। গত এক মাসে দুই শতাধিক পরিবার গৃহহীন হয়েছে। বিষয়টি লিখিতভাবে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছি। কিন্তু তাঁরা ব্যবস্থা নিচ্ছেন না। এ ছাড়া বিষয়টি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছি।’
সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহালম জানান, ভাঙন ঠেকাতে পাইলিং করার জন্য এলাকার মানুষ এক হাজার বাঁশ সংগ্রহ করেছে। এর বাইরেও কিনতে হচ্ছে বাঁশের তৈরি চাটাই, গুণা, সুতলি, জিআই তারসহ নানা উপকরণ। আর এসব শ্রমের কাজে হাত মিলিয়েছে গ্রামের কিশোর-যুবা থেকে বৃদ্ধরা।
এলাকাবাসী সূত্র জানায়, ভাঙনের ঝুঁকির মুখে রয়েছে ঘোগাদহ ইউনিয়ন পরিষদ, হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও যাত্রাপুর ইউনিয়নের কালাইপাড়া মাদ্রাসা, যাত্রাপুর হাটসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। বাধ্য হয়ে গ্রামবাসী চাঁদা তুলে, বাঁশ ও গাছ দিয়ে নদে পাইলিং দিচ্ছে। এ ছাড়া ভাঙনের মুখে পড়েছে পাউবোর তীর রক্ষা বাঁধ। যেভাবে নদ এগিয়ে আসছে, তাতে আগামী তিন-চার দিনের মধ্যে বাঁধে ভাঙন দেখা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, দুধকুমার নদের তীব্র স্রোত পাড়ে আঘাত করছে। উত্তর থেকে দক্ষিণে এক কিলোমিটারজুড়ে নদের পাড়ে এই ভাঙন চলছে। আতঙ্কিত বাসিন্দারা দিশেহারা হয়ে ঘরবাড়ি সরিয়ে এবং গাছগাছালি কেটে নিচ্ছে। নদ থেকে পাউবোর বাঁধের দূরত্ব ২০ হাতের মতো।
চোখের সামনে বসতভিটা, ফসলি জমি নদের গর্ভে বিলীন হতে দেখে কান্নায় ভেঙে পড়েন ৭ নম্বর ওয়ার্ডের ব্রহ্মত্রর গ্রামের ফুলবর রহমান (৩৮)। তিনি বলেন, ‘আমার সব শ্যাষ হয়া গেল। কামলা দিয়া খাই। নিজের জমি নাই। কোটে যায়া ঠাঁই নেম। কি দিয়া ঘর তুলম। আল্লায় জানে।’ পাশেই আবদুস ছাত্তারের বাড়ি। তিনি জানান, তিনবার নদীতে তাঁর বাড়ি ভেঙেছে। এখন কোথায় ঠাঁই নেবেন, তা জানেন না। এ ছাড়া মতিয়ার, বাবলু, আবদুল করিম, ফরিদা, লাভলী বাড়ি সরিয়ে বাঁধে আশ্রয় নিয়েছেন।
খামার রসুলপুর গ্রামের সাইদুর রহমান বলেন, ‘পরপর দুইবার বন্যায় ফসল খেয়ে গেছে। পানি নামার সঙ্গে সঙ্গে পাঁচ বিঘা জমিতে সাত হাজার টাকা খরচ করে আমন ধান লাগাই। চোখের সামনে সম্পূর্ণ জমির ফসল নদে চলে গেছে। এখন চোখে অন্ধকার দেখছি।’
এ প্রসঙ্গে কুড়িগ্রাম সদর উপজেলার ইউএনও নুর কুতুবুল আলম বলেন, ‘আমি ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে ঊর্ধ্বতন মহলে জানিয়েছি।’
কুড়িগ্রাম পাউবোর নর্থ ইউনিটের উপসহকারী প্রকৌশলী আবদুল কাদের জানান, অর্থ বরাদ্দ না পাওয়ায় ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।