দুধকুমারের তাণ্ডবে অসহায় মানুষ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নে দুধকুমার নদের পাড়ে দাঁড়িয়ে ভাঙনের তাণ্ডব দেখছে অসংখ্য মানুষ। নদের পাড় ভেঙে পানিতে পড়ে বিকট আওয়াজ হচ্ছে। আর উপস্থিত লোকজন ভয়ে সরে আসছে। সবার চোখেমুখে বেদনার ছাপ। এ সময় (গত শনিবার সকালে) কুড়িগ্রামের জেলা প্রশাসক হাবিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবু তাহের ভাঙন দেখতে আসেন। ফিরে যাওয়ার সময় স্থানীয় জেলে রবি দাস দুঃখ করে বলেন, ‘সাগাই খালি আইসে, আর দেখি যায়। কাম করে না। নদ হামার সউগ শ্যাষ করিল।’ গত বৃহস্পতিবার নদের প্রবল স্রোতে ওই ইউনিয়নের বেড়িবাঁধের ১৫০ মিটার ভেঙে যায়। এ অংশ দিয়ে তীব্র বেগে পানি ঢুকে আটটি গ্রাম প্লাবিত হয়। ভাঙনের শিকার হয় ২৫টি পরিবার। নাগেশ্বরীর ভিতরবন্দ ইউনিয়ন থেকে নুনখাওয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) দূরত্ব পাঁচ কিলোমিটার। ইউপিতে যাওয়ার একমাত্র কাঁচা-পাকা সংযোগ সড়কটির বিভিন্ন স্থানে ধসে পড়েছে। দুটি সেতু ভেঙে পড়ে আছে। নুনখাওয়া বাজারে গিয়ে দেখা যায়, দুই কিলোমিটার এলাকাজুড়ে ভাঙনের তাণ্ডব শুরু হয়েছে। ভাঙনের শিকার লোকজন বাড়িঘর সরিয়ে নিচ্ছে। কুড়িগ্রাম পাউবোর নিবাহী কর্মকর্তা আবু তাহের ভাঙন এলাকা দেখে এসে বলেন, খুব খারাপ অবস্থা। জরুরি ভিত্তিতে ব্যবস্থা না নিলে এলাকাটি শেষ হয়ে যাবে।