দুধকুমারের ভাঙন থেকে রক্ষার দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নকে দুধকুমার নদের ভাঙন থেকে রক্ষার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম সদর যাত্রাপুর ইউনিয়নে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
যাত্রাপুর ইউনিয়নের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে দুধকুমার নদের পারে মানববন্ধন করা হয়। মানববন্ধনে জনপ্রতিনিধি, শিক্ষার্থী, শিক্ষক ও জনপ্রতিনিধিসহ ইউনিয়নের সর্বস্তরের মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে নদের পাড়ে যাত্রাপুর নদীভাঙন প্রতিরোধ ও চর উন্নয়ন কমিটির ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী সরকার। এ সময় বক্তব্য দেন সদর উপজেলার চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ, যাত্রাপুর নদীভাঙন প্রতিরোধ ও চর উন্নয়ন কমিটির আহ্বায়ক আবদুল গফুর, কুড়িগ্রাম জেলা নদীভাঙন প্রতিরোধ ও চর উন্নয়ন কমিটির আহ্বায়ক সফি খান, যাত্রাপুর হাই স্কুলের প্রধান শিক্ষক জলধর চন্দ্র প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গত দু-তিন বছরে ইউনিয়ন রক্ষা বাঁধের তিন কিলোমিটার জায়গা পর্যায়ক্রমে নদীভাঙনে বিলীন হয়ে গেছে। এ ছাড়া অব্যাহত ভাঙনে যাত্রাপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মধ্যে তিনটি নদের গর্ভে চলে গেছে। ভাঙনের মুখে পড়েছে জেলার ঐতিহ্যবাহী যাত্রাপুরহাট, বিজিবি ক্যাম্প, যাত্রাপুর কলেজ, সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল, মাদ্রাসা ও কুড়িগ্রাম-যাত্রাপুর পাকা সড়ক, দুটি ওয়ার্ডের ৫০০ ঘর ও ফসলি জমি। সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী ও সংসদ সদস্য এই এলাকা পরিদর্শন করে ভাঙন রোধের আশ্বাস দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ সময় বক্তারা আরও বলেন, দুধকুমার নদের ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নিতে একাধিকবার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হলেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাঁরা বলেন, অবিলম্বে ব্যবস্থা নেওয়া না হলে আন্দোলন গড়ে তোলা হবে।