দুধে ফরমালিন মেশানোয়...
দুধে ফরমালিন মেশানোর দায়ে ফরিদপুর শহরে এক গোয়ালার মাথায় ও নর্দমায় তিন মণ দুধ ঢেলে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শহরের তিতুমীর বাজারসংলগ্ন দুধবাজারে গত বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত ওই অভিযান চালান। অভিযানে নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। ম্যাজিস্ট্রেট, পুলিশ ও র্যাবের উপস্থিতি টের পেয়ে অনেক ব্যবসায়ী দুধ ফেলে পালিয়ে যান।ফরমালিন মেশানোর কথা স্বীকার করলে সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর গ্রামের মেছের মিয়ার (৩২) মাথায় দুধ ঢেলে দেওয়া হয়। পরে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় তাঁকে। মেছের মিয়া জানান, চরমাধবদিয়া এলাকার এক ব্যবসায়ী মানিকগঞ্জের হরিরামপুর থেকে দুধ ভালো রাখার মেডিসিন (ফরমালিন) আনেন। আমি তাঁর কাছ থেকে ৩০০ টাকা দিয়ে আধা কেজি কিনেছি। এতে আমার এ মৌসুম (মার্চ থেকে অক্টোবর) চলে যাবে। দুধ বিক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, এ বাজার থেকে প্রতিদিন গড়ে ১৩ থেকে ১৫ মণ দুধ বিক্রি হয়। ৩০-৩৫ জন বিক্রেতা এ দুধ বিক্রি করেন। নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুরসহ বিভিন্ন গ্রাম থেকে দুধ বাজারে আনা হয়। বাজারে আনতে প্রায় দুই-তিন ঘণ্টা সময় লাগে। এ কারণে গরমকালে দুধ নষ্ট হয়ে যায়। ব্যবসায়ীরা তাই দুধে ফরমালিন মিশিয়ে বিক্রি করেন। ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, দুধের নমুনা সংগ্রহ করা হয়েছে। কী মাত্রায় ফরমালিন মেশানো হয়েছে, তা পরীক্ষার জন্য ঢাকার সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হবে। ফরিদপুর র্যাবের অধিনায়ক ওয়ালিউর রহমান কয়েক দিনের মধ্যে দুধে ফরমালিন মেশানোর পুরো চক্রটিকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ফরিদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী বলেন, ফরমালিন মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি উপাদান। ফরমালিন মেশানো খাবার খেলে কিডনি ও লিভার নষ্ট হয়ে যায়।