দুধে ভেজাল, ব্যবসায়ীর কারাদণ্ড
রাজবাড়ীতে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এক দুধ ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত চান্নু শেখ (৫২) সদর উপজেলার পুরাতন পাড়া এলাকার গইজ উদ্দিন শেখের ছেলে।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম মাহফুজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের দুধবাজার থেকে বিনোদপুর মহল্লার খাইরুল গত সোমবার চান্নু শেখের কাছ থেকে তিন কেজি দুধ কেনেন। এই দুধ খাওয়ার পর থেকে তাঁর শিশুসন্তান বমি করতে থাকলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক বমির কারণ হিসেবে খাদ্যে বিষক্রিয়ার কথা জানালে গতকাল খাইরুল দুধ ব্যবসায়ীর কাছে ভেজাল মেশানোর বিষয়ে জানতে চান। তাঁদের মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে আশপাশের লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে যায়। চান্নু শেখ দুধে ভেজাল মেশানোর কথা স্বীকার করেছেন।