কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও জীবিকা নির্বাহে প্রাণিসম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ২০২১ সাল নাগাদ দুধে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বর্তমান সরকার যে রূপকল্প গ্রহণ করেছে, তা বাস্তবায়ন করতে হবে।গতকাল বুধবার দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) ‘ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ অন হাই ইলডিং ডেইরি ব্রিড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আবদুল লতিফ বিশ্বাস বলেন, অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় ডেইরি শিল্পটি উন্নয়নে প্রধান অন্তরায় হলো, অধিক উৎপাদনশীল গাভির অভাব। এ সমস্যা নিরসনে আন্তর্জাতিক এই কর্মশালার মাধ্যমে একটি রূপরেখা তৈরি করা হবে। এই রূপরেখা দুধ বাজারজাত-ব্যবস্থাকে একদিকে যেমন সম্প্রসারণ করবে; অন্যদিকে অধিক দুধ উৎপাদনশীল গাভির প্রাপ্যতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় গবেষণা-কার্যক্রম গ্রহণ করতে সহায়ক হবে।মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্তের সভাপতিত্বে কর্মশালায় বিএলআরআইর মহাপরিচালক খান শহীদুল হকসহ চাইনিজ একাডেমি অব এগ্রিকালচার সায়েন্স, ইন্টারন্যাশনাল লাইভস্টক রিচার্জ ইনস্টিটিউট, জাইকা এবং ফাওয়ের প্রতিনিধি ও বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।