দুধের চেয়ে পানির দাম বেশি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুধের দাম অনেক কমে গেছে—এমন কথা শুনে পঞ্চদাস গ্রামের রিকশা-ভ্যানচালক আরিফুল ইসলাম (৪০) রোববার বাড়ির পাশে জামতলা বাজারে গিয়ে ১১ টাকায় অর্ধকেজি দুধ কেনেন। এ সময় দুধ হাটির পাশেই এক দোকানে গিয়ে জানা যায়, বিভিন্ন কোম্পানির বোতলজাত পানি ৫০০ মিলিগ্রাম ১৫ টাকায় বিক্রি হচ্ছে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার গ্রামের হাটবাজারগুলোয় দুধের চেয়ে পানির দাম বেশি হওয়ায় তা এলাকায় আলোচনার বিষয় হয়ে দেখা দিয়েছে। বর্তমানে দেড় কেজি দুধ বিক্রি করার টাকায় মাত্র এক কেজি চাল হচ্ছে। উপজেলার জামতলা বাজারে রোববার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, একটি পাত্রে তিন কেজি দুধ বিক্রি করতে এসেছেন কামতারা গ্রামের আকবর আলী। তিনি জানান, মাঠে ঘাস নেই। বাড়ির খড়কুটো খাইয়ে গরু পুষতে হচ্ছে। তা ছাড়া খুদের দামও অনেক বেশি। সে জন্য গরুকে ঠিকমতো খাবার দেওয়া যায় না। তাঁর বাড়িতে রয়েছে দুটি গাভি। গরু দুটি মোট চার কেজি দুধ দেয়। এর মধ্যে এক কেজি নিজেদের জন্য রেখে বাকি দুই কেজি দুধ বিক্রি করতে এসেছেন।উপজেলার কালিতলা বাজারেও একই দৃশ্য দেখা যায়। দুধ বিক্রেতাদের সঙ্গে কথা বলে দুধের দাম কম হওয়ার বিষয়ে তাঁরা বলেন, এখন খেত থেকে আলু তোলা ও বোরো রোপণের জন্য মানুষ ব্যস্ত। এলাকায় এ সময় বিয়ে, আকিকা, ধর্মসভা বা এ ধরনের অনুষ্ঠান হয় না। এ কারণে দই বা ছানাজাতীয় খাবারের চাহিদা অনেক কমে গেছে। ফলে দুধের চাহিদা নেই। তা ছাড়া খেত থেকে আলু ওঠার এ সময়ে গরু আলুর গাছ পর্যাপ্ত পরিমাণে খেতে পারায় দুধের উৎপাদন আগের চেয়ে বেড়ে গেছে। ওই বাজারে চালুঞ্জা গ্রামের দুধ বিক্রেতা আমিনুল ইসলাম (৫৫) জানান, তিনি দুই কেজি দুধ ২০ টাকা দরে বিক্রি করেছেন। ওই বাজরে আরেক দুধ বিক্রেতা আতাউর রহমান (৫০) জানান, তাঁর দুধ বেশ ভালোমানের। এ কারণে তিনি ২২ টাকা কেজি দরে দেড় কেজি দুধ বিক্রি করেছেন। কয়েকজন দুধ বিক্রেতা অভিযোগ করেন, খাদ্যশস্যের দামের সঙ্গে পাল্লা দিয়ে গোখাদ্যের দাম বেড়ে গেছে। গমের ভুসি, চালের খুদ, ছোলার ভুসি, ভুট্টার গুঁড়া, আটা, খড়, খৈল, চিটাগুড় ইত্যাদি চড়া দামে খাইয়ে ওই হারে দুধের দাম পাচ্ছেন না কৃষক। তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘লাব বলতে হামাকেরে কিচু নাই। লিজের মজুরির কথা চিন্তা করলে খালি লোকসান। তার পরও মায়ায় পড়্যা গরু পুষি।’ কেলুঞ্জা গ্রামের দুধ বিক্রেতা জয়নাল আবেদীন (৪০) বলেন, গোখাদ্যের দাম যেভাবে বেড়েছে, তাতে প্রতি কেজি দুধের দাম ৪৫ থেকে ৫০ টাকা হলে কৃষকেরা পোষাতে পারবেন। এ দামের নিচে হলে তাঁদের ক্ষতি হবে।