দুধের দুই শিশু মায়ের কোলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’—ঘটনাটি যেন শাশ্বত সেই কথাকেই মনে করিয়ে দিল। সাড়ে তিন মাস বয়সী সেই দুই শিশু তাদের মায়ের কোল ফিরে পেয়েছে। গত মঙ্গলবার রাত আটটার দিকে মেহেরপুরের গাংনী থানায় মা সাবিনা খাতুনের কোলে শিশু দুটিকে তুলে দেওয়া হয়।গত মঙ্গলবার প্রথম আলোর ৫-এর পাতায় ‘দুধের দুই শিশুকে মায়ের কোলছাড়া’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। গাংনী থানার ওসি মিজানুর রহমান জানান, মঙ্গলবার সকালে প্রতিবেদনটি পড়ার পর পরই পুলিশ সুপার বিষয়টি দ্রুত খোঁজ নিতে বলেন। দুপুরের মধ্যে শিশু দুটির বাবা ও দাদা-দাদিকে থানায় ডেকে পাঠানো হয়। সাবিনাকে মহমঞ্চদপুর গ্রাম থেকে পুলিশের এক উপপরিদর্শক গাড়িতে করে থানায় নিয়ে আসেন। রাত আটটার দিকে দাদা-দাদি তাঁদের ভুল স্বীকার করেন এবং মায়ের কোলে শিশুদের তুলে দেন। শিশুদের পেয়ে সাবিনা বলেন, ‘এ আনন্দ বুইলি শেষ কইরতি পাইরব না। সব সুখ আমি ফিরি পাইছি।’ মেহেরপুরের পুলিশ সুপার আব্দুল্লাহেল বাকী বলেন, ‘ঘটনাটি খুবই মর্মস্পর্শী। প্রথম আলোতে প্রতিবেদনটি প্রকাশ না হলে ঘটনাটি জানতে পারতাম না। ভবিষ্যতে শিশু দুটির খোঁজ রাখা হবে।’