দুধের দুই শিশুকে মায়ের কোলছাড়া
যমজ শিশু দুটির বয়স মাত্র সাড়ে তিন মাস। দেড় মাস ধরে মায়ের কাছ থেকে তাদের আলাদা করে রাখা হয়েছে। শিশু দুটিকে মায়ের বুকের দুধ পান করতে দেওয়া হচ্ছে না। যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজন ওই মায়ের ওপর নির্যাতন চালিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। ঘটনাটি মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের।গত রোববার সাবিনা খাতুন নামের ওই মা প্রথম আলোর কাছে এসব অভিযোগ করেন। সন্তানদের ফিরে পেতে ব্যাকুল হয়ে আছেন তিনি। শিশুদের নানি সাহার ভানু জানান, বছর তিনেক আগে ছাতিয়ান গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাহিদুল ইসলামের সঙ্গে তাঁর মেয়ে সাবিনার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য মেয়ের ওপর নির্যাতনের খড়্গ নেমে আসে। এমনকি সাবিনার নামে নানা কুৎসা রটানো হয়। এর পরও মেয়ে সবকিছু সহ্য করে সংসার করতে থাকেন। গত ১৩ জুলাই সাবিনা যমজ দুই ছেলেসন্তানের জন্ম দেন। তাদের নাম রাখা হয় হাসান ও হোসেন। পরিপুষ্ট না হওয়ায় তাদের হাসপাতালে এক মাস রাখা হয়। সাবিনা অভিযোগ করেন, গত ১৫ আগস্ট সন্তান নিয়ে শ্বশুরবাড়ি গেলে শুরু হয় নির্যাতন। দুই শিশুকে তাদের দাদা রফিকুল ইসলাম ও দাদি রাহিমা খাতুন পৃথক করে রাখেন। এমনকি বুকের দুধও খেতে দেননি। কৌটার দুধ খাওয়াচ্ছেন। সন্তান চাইলে বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বলা হয়। কিন্তু তাঁর বাবা-মা গরিব হওয়ায় টাকা দিতে পারছেন না। সাবিনা বলেন, ‘সন্তানকে দুধ খাওয়ালে ভবিষ্যতে মাকে চিনে ফেলবে, মায়া জন্মাবে, এ জন্য আমার কাছে দেওয়া হয় না।’ এসব সইতে না পেরে গত ২৬ অক্টোবর সাবিনা একই উপজেলার মহামঞ্চদপুর গ্রামে বাবার বাড়ি চলে আসেন। তখনো তাঁর শ্বশুর-শাশুড়ি সন্তানদের দেননি। কান্নাজড়িত কণ্ঠে সাবিনা বলেন, ‘বুকের দুধ না পেলে ছেইলি ভিটামিন পাবে না, পুষ্ট হবে না। জান কান্দিই যায় কিচুই করতে পারছিনি। আমি আমার ছেইলিগুলান ফিরি চাই।’ মায়ের কাছ থেকে শিশু দুটিকে দূরে রাখার বিষয়টি স্বীকার করে দাদা রফিকুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসক বুকের দুধ পান করাতে নিষেধ করেছেন।’ কোন চিকিৎসক নিষেধ করেছেন জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।সাবিনার স্বামী রাহিদুল ইসলাম বলেন, ‘সন্তান জন্মের সময় অনেক টাকা খরচ হয়েছে। সাবিনার বাবা-মা কিছুই দেয়নি।’ প্রথম সন্তান জন্মের সময় স্ত্রীর বাবার বাড়ি খরচ বহন করে—এমন যুক্তি তুলে ধরে তিনি বলেন, ‘সন্তানদের সাবিনা মেরে ফেলতে পারে বলে তার মায়ের বাড়িতে দেওয়া হয়নি।’ ঘটনার সত্যতা নিশ্চিত করে মঠমুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ছাতিয়ান গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ও ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে মায়ের বুকের দুধ ছাড়া পানিও মুখে দেওয়া যায় না। মা যদি অসুস্থও থাকেন তবু বুকের দুধ পানে নিষেধ থাকে না। আর এ সময় মাকে চিনতে ও জানতে সব সময় শিশুদের মায়ের সংস্পর্শে রাখতে হয়।