দুধের পাতিল কোলে ফিরে গেলেন গীতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোল্ডিং ট্যাক্স বাড়ানোর প্রতিবাদসহ চার দফা দাবিতে রাজশাহীতে চলছে আধাবেলা হরতাল। চায়ের দোকানে চুলা জ্বালাতে না পেরে দুধের পাতিল নিয়ে ফিরে যাচ্ছেন গীতা রানি। ছবি: প্রথম আলো
হোল্ডিং ট্যাক্স বাড়ানোর প্রতিবাদসহ চার দফা দাবিতে রাজশাহীতে চলছে আধাবেলা হরতাল। চায়ের দোকানে চুলা জ্বালাতে না পেরে দুধের পাতিল নিয়ে ফিরে যাচ্ছেন গীতা রানি। ছবি: প্রথম আলো

গীতা রানির কোলের ওপর দুধের পাতিল। যে রিকশায় এসেছিলেন সেই রিকশাতেই তাঁকে ফিরিয়ে দিলেন ব্যবসায়ী। চায়ের দোকানে দুধ নিয়ে এসেছিলেন। কিন্তু দোকানে চুলা জ্বালাতে পারলেন না।

পবার নওহাটা থেকে মুলা নিয়ে নিয়ে এসেছিলেন ব্যবসায়ী গোলাম রসুল। সকাল নয়টা বাজলেও তিনি বস্তার মুখ খুলতে পারেননি। সকালে রাজশাহী নগরের সাহেব বাজার এলাকায় গিয়ে হরতালের এই চিত্র দেখা যায়।

আজ রোববার নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের ডাকে রাজশাহী নগরে অর্ধদিবস হরতাল চলে। রাজশাহী সিটি করপোরেশনের বাড়ানো হোল্ডিং ট্যাক্স বাতিলসহ চার দফা দাবিতে এই হরতাল ডাকা হয়।

সকালে রাজশাহী নগরের সাহেব বাজার এলাকায় গিয়ে দেখা যায়, দু-একটা রিকশা ও অটোরিকশা চললেও নগরের আরডিএ মার্কেটের সামনে দিয়ে ব্যবসায়ীরা কোনো রিকশা পার হতে দিচ্ছে না। মুলার ব্যবসায়ী গোলাম রসুল বলেন, ‘যে দলেরই হরতাল হোক মাস্টারপাড়ার এই রাস্তায় পাইকারি সবজি বিক্রি কোনো দিন বন্ধ থাকতে দেখিনি। এ জন্যই মুলা নিয়ে এসেছিলেন। এই প্রথম দেখলেন এই সড়ক ফাঁকা পড়ে রয়েছে।

রাজশাহী নগরের আরডিএ মার্কেটের নির্মাণ শ্রমিক এরফান আলী সকাল থেকে এসে সাহেব বাজার কাঁচাবাজারের গেটে দাঁড়িয়েছিলেন। তিনি বলেন, ‘কোনো হরতালেই কাঁচাবাজার বন্ধ থাকতে দেখিনি। এ কোন হরতাল যে কাঁচাবাজারের গেটে তালা লাগাইয়া দিছে।’

নগরের ষষ্ঠীতলা এলাকায় থাকেন রাজশাহী কলেজের ছাত্র সবুজ সরকার। তিনি বলেন, সাহেব বাজারের কাঁচাবাজার থেকে ফিরে গিয়ে নিউমার্কেটের কাছে অল্প করে খোলা একটা দোকান থেকে বেশি দামে সবজি কিনেছেন।

সংগ্রাম পরিষদের অন্য দাবিগুলো হলো-অস্বাভাবিক হারে বর্ধিত ট্রেড লাইসেন্স ফি বাতিল, আরোপিত সাইন বোর্ড ফি প্রত্যাহার এবং আরোপিত ভ্যাট সহনীয় পর্যায়ে নিয়ে আসা।

নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের আহ্বায়ক এনামুল হককে সকাল নয়টার দিকে নগরের সাহেববাজার এলাকায় হরতালে পিকেটিং করতে দেখা গেছে। তিনি বললেন, রাজশাহী সিটি করপোরেশন বাসা-বাড়ির হোল্ডিং ট্যাক্স অস্বাভাবিক হারে বাড়িয়ে নগরবাসীর জন্য নতুন বিপদ ডেকে এনেছে। কোনো কোনো ক্ষেত্রে ১০-১২ গুণেরও বেশি এই ট্যাক্স বাড়ানো হয়েছে। এতে নগরীর বাসা-বাড়ির মালিকেরাই শুধু নয়, ভাড়া বাড়ানোর আশঙ্কায় ভাড়াটিয়ারাও হুমকির মুখে পড়েছে।

অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেডের গাড়ি ও ওষুধের দোকান হরতালের আওতামুক্ত রাখা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু অটোরিকশা রাস্তায় চলাচল করে। রাজশাহী থেকে বিভিন্ন রুটে বাস চলাচলও স্বাভাবিক ছিল।

নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের এই হরতালে ব্যবসায়ী ঐক্য পরিষদ, মহানগর মেস মালিক সমিতি, হেরিটেজ রাজশাহী, আরডিএ মালিক সমিতি, নদী বাঁচাও আন্দোলনসহ আটটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমর্থন জানিয়েছে।