দুধের লিটার ৮০ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলায় এক সপ্তাহ ধরে প্রতি লিটার দুধ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ঈদ ও পূজা উপলক্ষে চাহিদা বৃদ্ধি পাওয়ায় দুধের দাম বেড়েছে বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন।জানা গেছে, বেড়া ও সাঁথিয়া উপজেলায় গরুর অনেক খামার আছে। এসব খামারে প্রচুর দুধ উৎপাদিত হয়। এই দুধের বেশির ভাগই মিল্ক ভিটা, প্রাণ ডেইরি, আড়ং দুধসহ বিভিন্ন দুগ্ধপ্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়। এসব প্রতিষ্ঠান খামারিদের কাছ থেকে ৩৮ থেকে ৪০ টাকা লিটার দরে দুধ কেনে। কিন্তু খোলা বাজারে ৭০ থেকে ৮০ টাকা লিটার দরে দুধ বিক্রি হওয়ায় বেশির ভাগ খামারিই প্রায় এক সপ্তাহ ধরে এসব প্রতিষ্ঠানের কাছে দুধ বিক্রি করছেন না। এতে স্থানীয় বাজারগুলোয় দুধের সরবরাহ বাড়লেও দাম কমছে না।এলাকাবাসী জানান, এমনিতে বেড়া ও সাঁথিয়ার বাজারগুলোয় ৩৫ থেকে ৪০ টাকা লিটার দরে দুধ বিক্রি হয়। কিন্তু দুর্গাপূজা শুরু হওয়ার দুই-এক দিন আগে থেকে দুধের দাম বাড়তে থাকে। পূজার মধ্যে প্রতি লিটার দুধ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। কিন্তু ঈদের আগের দিন থেকে গতকাল সোমবার পর্যন্ত বেড়ার বিভিন্ন বাজারে ৭০ থেকে ৮০ টাকা লিটার দরে দুধ বিক্রি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ঈদ উপলক্ষে বেশির ভাগ বাড়িতে আত্মীয়স্বজন আসায় পিঠাসহ দুগ্ধজাত সামগ্রী তৈরির ধুম পড়েছে। এ কারণে অনেকেই বেশি দামে দুধ কিনছেন।প্রাণ ডেইরির পাবনা-সিরাজগঞ্জ অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক শরীফউদ্দিন তরফদার বলেন, ‘একমাত্র আমরাই ঈদের মধ্যেও দুধ সংগ্রহ অব্যাহত রেখেছিলাম। কিন্তু ওই সময় দুধ পেয়েছি সামান্য। সাধারণত প্রতিদিন আমরা পাবনা ও সিরাজগঞ্জ থেকে এক লাখ লিটারেরও বেশি দুধ সংগ্রহ করি। কিন্তু ঈদের আগের দিন থেকে ঈদের পরদিন পর্যন্ত গড়ে মাত্র নয় হাজার লিটার করে দুধ সংগ্রহ করতে পেরেছি। খামারিরা খোলা বাজারে বেশি দামে দুধ বিক্রি করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।’