দুধের লিটার ৯০ টাকা!
পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলায় ৮০ থেকে ৯০ টাকা লিটার দরে গরুর দুধ বিক্রি হচ্ছে। ঈদ ও পূজা উপলক্ষে চাহিদা বেড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
খোলাবাজারে বেশি দাম পাওয়ায় দুধ সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোতে খামারিরা দুধ সরবরাহ কমিয়ে দিয়েছেন। এতে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় প্যাকেটজাত তরল দুধের সংকট দেখা দিয়েছে।
প্রাণ ডেইরির পাবনা-সিরাজগঞ্জ অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক শরীফউদ্দিন তরফদার বলেন, ‘স্বাভাবিক অবস্থায় আমরা পাবনা-সিরাজগঞ্জ থেকে প্রতিদিন ৮০ হাজার লিটারের বেশি দুধ সংগ্রহ করে থাকি। কিন্তু বর্তমানে ভালো চাহিদা সত্ত্বেও আমরা ৫০ থেকে ৫৫ হাজার লিটার দুধ পাচ্ছি। ঈদের মধ্যে সংগ্রহের পরিমাণ আরও কমে যাবে। স্থানীয় বাজারে বেশি দাম পাওয়ায় খামারিরা আমাদের কাছে দুধ বেচা কমিয়ে দিয়েছেন। এ অবস্থায় খোলাবাজারে প্যাকেজাত দুধের চাহিদা বৃদ্ধি পেলেও আমরা সেই অনুপাতে সরবরাহ করতে পারছি না।’
জানা যায়, বেড়া ও সাঁথিয়া উপজেলা দেশের অন্যতম গরুর দুধ উৎপাদনকারী এলাকা বলে পরিচিত। প্রচুর দুধ উৎপাদিত হওয়ায় মিল্ক ভিটা, প্রাণ ডেইরিসহ বিভিন্ন দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান এই এলাকা থেকে দুধ সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে তা খোলাবাজারে বিক্রি করে থাকে। প্রতিষ্ঠানগুলোতে খামারিরা গড়ে ৪২ টাকা লিটার দরে দুধ বিক্রি করেন।