দরিদ্র বাবা-মায়ের ঘরে জন্ম তাঁর। দিনমজুর স্বামীর সংসারে এসেও অভাব পিছু ছাড়ল না। একসময় সাজেদার কোলজুড়ে এল ফুটফুটে একটি মেয়ে। মেয়েটার মুখের দিকে তাকিয়ে অন্যের বাড়িতে কাজ নেন। নিজের উপার্জন দিয়ে কেনেন কয়েকটি হাঁস-মুরগি ও ছাগল। বছর কয়েক পর সেগুলো বিক্রি করে গাভি পালন শুরু করেন। দেখতে দেখতে ছোটখাটো একটি খামার হয়ে যায় তাঁর। সঙ্গে সংসারের দৈন্যদশাও ধীরে ধীরে কাটতে থাকে।সাজেদা এখন সচ্ছল খামারি। মাসে আয় ২৪ হাজার টাকা। শুধু একার দিন বদল করেননি রংপুরের তারাগঞ্জ উপজেলার মাঝেরহাট গ্রামের এই গৃহবধূ। তাঁর দেখানো পথ ধরে ওই গ্রামের আরও কয়েকজন নারী সংসারের মোড় ঘুরিয়ে দিয়েছেন।উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে ইকরচালী ইউনিয়নের মাঝেরহাট গ্রাম। গ্রামে ঢুকে সাজেদার বাড়ির খোঁজ করতেই একজন দেখিয়ে দিল। বাড়িতে ঢুকে দেখা গেল, সাজেদা গাভির দুধ দোয়াতে ব্যস্ত। কিছুক্ষণ পর খামার থেকে বেরিয়ে এলেন। বাড়ির সামনে কাঁঠালগাছের ছায়ায় বসতে দিলেন। সংগ্রামী জীবনের কথা শোনাতেই চকচক করে ওঠে তাঁর চোখ। কোনো ভূমিকা ছাড়াই শুরু করেন সাজেদা বেগম।দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়ার বানুয়াপাড়া গ্রামে ১৯৭৭ সালে তাঁর জন্ম। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। ছাত্রী হিসেবে ভালো হলেও অভাবের কারণে চতুর্থ শ্রেণীর বেশি পড়া হয়নি। ১৯৮৯ সালে জয়নাল আবেদীনের সঙ্গে বিয়ে হয় তাঁর।পরের কাহিনিটুকু সাজেদার মুখ থেকেই শোনা যাক—‘জীবনের প্রতিটি মুহূর্ত কাটিয়েছি দরিদ্রতার নির্মম কষাঘাতে। তার পরও এক মুহূর্তের জন্য থেমে যাইনি, ভয় পাইনি। বিয়ের পর স্বামীর সংসারে এসেও প্রায়ই উপোস থাকতে হতো। দিনমজুর স্বামী কথায় কথায় করত নির্যাতন।‘১৯৯৫ সালে প্রথম মেয়ে জয়নবের জন্ম হয়। চিন্তা করতাম, এভাবেই কি কাটবে আমার জীবন? আমি কি মানুষ না? অন্যরা পারলে আমি কেন আমার সন্তানের জন্য কিছু করতে পারব না! অন্যের বাড়িতে ধান ভানার কাজ নিই। কিছু টাকা আসে হাতে। সংসার চালানোর পরও এক বছরের জমানো ৮০০ টাকা দিয়ে পরের বছর একটা ছাগল ও সাতটা হাঁস-মুরগি কিনি। ছাগল বাচ্চা দেয়, হাঁস-মুরগি দেয় ডিম। তা বিক্রি করে ১৯৯৮ সালে কিনি দুটি শংকর জাতের বকনা বাছুর’—বলতে থাকেন সাজেদা।বছর তিনেক পর বাছুর দুটি বড় হয়। গাভিটি প্রতিদিন ২০ থেকে ২৫ লিটার করে দুধ দিতে শুরু করে। এ দুধ বিক্রি করে দিনে প্রায় ৪০০ টাকা আয় হয়। গোবর দিয়ে জ্বালানি তৈরির পর বাজারে বিক্রি করেও কিছু টাকা পান। এভাবে দুই বছরের জমানো টাকা দিয়ে তিনি আরও চারটি শংকর জাতের গাভি কেনেন। ছয়টি গাভি দিয়ে শুরু করেন ডেইরি খামার। বর্তমানে সাজেদার খামারে দেশি-বিদেশি গাভি ও বাছুর মিলিয়ে মোট ১৩টি গরু। প্রতিদিন খামার থেকে গড়ে ৪০ থেকে ৪৫ লিটার দুধ পান। প্রতি লিটার ২৮ টাকা দরে বিক্রি করে খরচ বাদে দিনে ৮০০ টাকা লাভ থাকে। বছরে ৫০ হাজার টাকার গাভিও বিক্রি করেন তিনি।খামারের আয়ের টাকায় কুঁড়েঘরের জায়গায় টিনের ঘর তুলেছেন সাজেদা। কিনেছেন দুই একর আবাদি জমি। স্বামীকে মাঝেরহাটে একটি মুদি দোকান করে দিয়েছেন। তাঁর তিন ছেলেমেয়ে স্কুলে পড়ছে। নিজের সংসারে সচ্ছলতা আনার পাশাপাশি গ্রামের গৃহবধূদের কথাও ভোলেননি তিনি। তাদেরও পরামর্শ দিয়ে গাভি পালনে উত্সাহিত করেছেন। একই গ্রামের মরিয়ম খাতুন (৩৩), জ্যোত্স্না বানু (২৮), সুলতানা খাতুন (২৬), নাছিমা বেগম (২৮), বোনো মাইসহ (২৭) আরও অনেকে গাভি পালন করে এখন স্বাবলম্বী। শুধু নারীরা নন, গ্রামের অনেক বেকার তরুণও সাজেদার দেখাদেখি গাভি পালন করে বেকারত্ব ঘুচিয়েছেন।সাজেদার স্বামী জয়নাল (৩৯) বলেন, ‘অভাব-অনটনের কারণে না বুঝে সাজেদাকে মারপিট করেছি। পরে ওর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। সাজেদার জন্য আজ সমাজে মাথা উঁচু করে চলছি।’ইকরচালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমেনা খাতুন জানান, মাঝেরহাট গ্রামের মানুষের কষ্টের শেষ ছিল না। সাজেদার হাত ধরে অনেকে দারিদ্র্যমুক্তির পথ খুঁজে পেয়েছে।তারাগঞ্জ উপজেলা পশুসম্পদ কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, ‘সাজেদার খামার ও তাঁর কর্মকাণ্ড আমি স্বচক্ষে দেখেছি। তিনি একজন দক্ষ খামারি। নিজের সন্তানের মতোই গাভিগুলোকে পরিচর্যা করেন তিনি।’