দুনিয়ার কোথাও ছুটির দিনে চিকিৎসক পাওয়া যায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্যসেবা, পররাষ্ট্রনীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে গতকাল রোববার আলোচনা হয়েছে। এসব বিষয়ের ওপর আলোচনা করতে গিয়ে কয়েকজন সাংসদ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর জন্য বরাদ্দ ছাঁটাইয়ের প্রস্তাব করেন। পরবর্তী সময়ে কণ্ঠভোটে এসব বরাদ্দ অনুমোদন হয়।
এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীরাও বক্তব্য দেন। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ সময় বলেন, ‘দুনিয়ার কোথাও ছুটির দিনে চিকিৎসক পাওয়া যায় না। কিন্তু বাংলাদেশের হাসপাতালে ছুটির দিনেও জরুরি চিকিৎসাসেবা চালু থাকে।’ সাংসদেরা স্বাস্থ্য খাতের নানা অনিয়ম তুলে ধরলে স্বাস্থ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
গতকাল সবচেয়ে বেশি আলোচনা হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও পুলিশের ভূমিকা নিয়ে। রুস্তম আলী ফরাজী বলেন, ‘প্রতিটি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ওপর আরেকজন ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে (ওসি)। তারা দলীয় ক্ষমতা দেখায়, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করে। এতে সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সাংসদ মো. নোমান বলেন, পুলিশ চাঁদাবাজি করে এটা সত্য। তারা হাজার হাজার কোটি টাকা চাঁদা তোলে। এ মন্ত্রণালয়ের বরাদ্দ না বাড়িয়ে ঘুষের টাকা দিয়েই মন্ত্রণালয়ের কাজকর্ম পরিচালনার প্রস্তাব করেন তিনি।
আরেক সদস্য নুরুল ইসলাম মিলন বলেন, দেশের এমন কোনো উপজেলা-শহর এলাকা নেই, যেখানে মাদকের বিস্তার ঘটেনি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না।
কয়েকজন সাংসদ স্বাস্থ্য খাতে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে বাজেটে বরাদ্দ কমানোর প্রস্তাব করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সেবা পেতে বরাদ্দ দ্বিগুণ করা উচিত।
সাংসদ মো. নোমান বলেন, ‘হাজিরা খাতায় সই করে অনেক চিকিৎসক বেসরকারি হাসপাতালে গিয়ে দায়িত্ব পালন করেন। হাসপাতালে কবরের গন্ধ পাওয়া যায়। যন্ত্রপাতি দিলেও বেঁচে দেয় বা নষ্ট করে ফেলে। তাই এসব খাতে বরাদ্দ না বাড়িয়ে ছাঁটাই করা উচিত।’