দুনিয়ার কোনো শক্তিই নির্বাচন ঠেকাতে পারবে না: নাসিম

মোহাম্মদ নাসিম বলেছেন, দুনিয়ার কোনো শক্তিই আগামী ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে পারবে না। আজ শুক্রবার সন্ধ্যায় নাটোরের সিংড়া উপজেলা কোর্ট মাঠে এক নির্বাচনী জনসভায় নাসিম এ কথা বলেন।
আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, সাংবিধানিক ধারাবাহিকতায় আগামী ৫ জানুয়ারি দেশে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বন্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের কথায় জনগণ কান দেবে না, নির্বাচন হবেই। দুনিয়ার কোনো শক্তিই নির্বাচন ঠেকাতে পারবে না। সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অহিদুর রহমানের সভাপতিত্বে নাটোর-৩ আসনের সরকারদলীয় প্রার্থী জুনাইদ আহমেদ পলকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় মোহাম্মদ নাসিম আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ৩৭ বছরের বঞ্চিত চলনবিলবাসীর অভূত উন্নয়ন সাধন করেছে। তাই আগামী নির্বাচনে তিনি সিংড়াবাসীকে দলের মনোনীত প্রার্থী জুনাইদ আহমেদকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিংড়া আসনের সাংসদ পদপ্রার্থী জুনাইদ আহমেদ পলক, নাটোর-১, ২, ৪ আসনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাংসদ আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাম শিমুল, আবদুল কুদ্দুস প্রমুখ।