দুপক্ষ অনড়, আ.লীগের কেন্দ্রীয় নেতার সংবর্ধনা স্থগিতের নির্দেশ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সাংসদ মো. আবদুছ ছাত্তারের সংবর্ধনা স্থগিত করার নির্দেশ দিয়েছে দলটির জেলা কমিটি। স্থানীয় আওয়ামী লীগের দুপক্ষের অনড় অবস্থানের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার এ সিদ্ধান্ত নেয় জেলা কমিটি।
এদিকে আবদুছ ছাত্তারকে সংবর্ধনা দেওয়ার আয়োজনের বিরোধিতা করে গতকালও উপজেলা শহরে মিছিল করেছেন আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা। এদিনও ঈশ্বরগঞ্জ শহরের চরনিখলা উচ্চবিদ্যালয় মাঠে সংবর্ধনা সভা উপলক্ষে মঞ্চ নির্মাণের কাজ চলে।
দলীয় সূত্র জানায়, আবদুছ ছাত্তার কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক পদে আবার মনোনীত হওয়ায় ঈশ্বরগঞ্জবাসীর ব্যানারে সংবর্ধনার আয়োজন করে পৌর আওয়ামী লীগ। এর নেতৃত্ব দিচ্ছেন দলটির পৌর কমিটির সভাপতি ও আবদুছ ছাত্তারের ভগ্নিপতি হাবিবুর রহমান। আজ মঙ্গলবার এ সভা হওয়ার কথা। এর প্রতিবাদে গত রোববার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল হয়। এর নেতৃত্বে ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘আবদুছ ছাত্তার এখন কেন্দ্রীয় নেতা। আমরা কষ্ট করে এখানে সংগঠন চালাচ্ছি। গোছানো সংগঠনটি তিনি তাঁর পরিবারের সদস্যদের হাতে দিতে চাইছেন। এটি দলের নেতা-কর্মী ও সমর্থকদের মেনে নেওয়া অসম্ভব।’
গতকাল বেলা একটার দিকে আওয়ামী লীগের একটি পক্ষ বিক্ষোভ মিছিল করে। এতে প্রায় ১০-১২ জন কর্মী শরীরে কাফনের কাপড় জড়িয়ে অংশ নেন। মিছিল থেকে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসানের পক্ষে স্লোগান দিয়ে সংবর্ধনা সভার বিরোধিতা করা হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে প্রধান সড়ক দিয়ে শহরের পেট্রলপাম্প পর্যন্ত যায়। সেখান থেকে ঘুরে আবার দলীয় কার্যালয়ে ফিরে যায় সেটি।
দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, চরনিখলা উচ্চবিদ্যালয়ের মাঠে সংবর্ধনা সভা উপলক্ষে মঞ্চ নির্মাণের কাজ চলছে। ঈশ্বরগঞ্জ শহরের একটি ডেকোরেটর প্রতিষ্ঠানের কর্মীরা এ কাজ করছেন।
সাবেক সাংসদ আবদুছ ছাত্তার বিকেল চারটার দিকে প্রথম আলোকে বলেন, তিনি আজ (মঙ্গলবার) ঈশ্বরগঞ্জে আসবেন। যাঁদের জন্য রাজনীতি করেন সেসব সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। এটাই তো সংবর্ধনা। তাঁর পরিবারের সদস্যরা নিজেদের যোগ্যতায় রাজনীতি করেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন গতকাল বলেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে সংবর্ধনা সভাটি বাতিল না করে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সদর থানার ওসি মো. বদরুল আলম খান বলেন, সভা আয়োজনের জন্য কেউ অনুমতি নেননি।