দুপক্ষকেই বিরত থাকার আহ্বান এফবিসিসিআইয়ের

শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন দিয়ে তাদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। সংগঠনটি বলেছে, সরকার তাদের আন্দোলনে ইতিবাচক সমর্থন দিয়ে বেশ কিছু দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি আইন প্রণয়নসহ কঠোরভাবে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।
শিক্ষার্থীদের ঘরে ফেরার পাশাপাশি পরিবহন বন্ধ থাকাকে ধর্মঘট হিসেবে উল্লেখ করে এফবিসিসিআই তা তুলে নেওয়ার আহ্বানও জানিয়েছে। তারা বলেছে, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, এমন কোনো কর্মসূচিকে এফবিসিসিআই কখনোই সমর্থন করে না।
আজ রোববার এক জরুরি সংবাদ সম্মেলনে এফবিসিসিআই দুপক্ষকেই বিরত থাকার আহ্বান জানায়। রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে এ সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন লিখিত বক্তব্য তুলে ধরেন। এ সময় সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি শেখ ফজলে ফাহিম, সহসভাপতি মো. মুনতাকিম আশরাফ, বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম ও এফবিসিসিআইয়ের পরিচালকেরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে এফবিসিসিআইয়ের সভাপতি ২৯ জুলাই বাস দুর্ঘটনায় দুজন স্কুল শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি দল-মতনির্বিশেষে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আমরা প্রথম থেকেই নৈতিকভাবে সমর্থন করে আসছি। সরকার শিক্ষার্থীদের সব দাবি সুরাহার পদক্ষেপ নিয়েছে এবং আশ্বাস দিয়েছে।’ তিনি বলেন, এক সপ্তাহ ধরে ছাত্র আন্দোলন ও এ আন্দোলন থেকে উদ্ভূত পরিবহন ধর্মঘটের কারণে দেশের জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক বিবেচনায় যা অত্যন্ত ক্ষতিকর।
দুর্ঘটনা কোনোভাবেই কাম্য নয়, উল্লেখ করে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, মূলত অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালক দিয়ে গাড়ি চালানোর কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে। দেশের তৈরি পোশাকের মতো পরিবহনসহ অন্যান্য সব খাতে শিশুশ্রম বন্ধ হওয়া প্রয়োজন।
শফিউল ইসলাম বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়ন, রপ্তানি বাণিজ্য সচল রাখতে, বিনিয়োগ উৎসাহিত করতে আমরা বিভিন্নভাবে উদ্যোগ ও প্রচেষ্টা নিয়েছি। এ পরিস্থিতিতে পরিবহন ধর্মঘট বিনিয়োগ সম্ভাবনা এবং দেশের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা মনে করি।’
শফিউল ইসলাম লিখিত বক্তব্যে আরও বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে কিছু স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়ানোর মাধ্যমে জনমনে বিরূপ প্রভাব ফেলছে, যার প্রভাবে দেশের সার্বিক পরিস্থিতির অবনতির সম্ভাবনা দেখা দিচ্ছে। ঈদুল আজহার আগে এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করলে দেশের সার্বিক ব্যবসা-বাণিজ্য ক্ষতির মুখে পড়বে। এতে শ্রমিকদের বেতন-উৎসব ভাতা প্রদানে যাতে ব্যত্যয় না ঘটে সে বিষয়টি বিবেচনায় রাখার প্রয়োজন।