দুপক্ষেই পুনর্বিবেচনার আবেদনের চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেলাওয়ার হোসাইন সাঈদী
দেলাওয়ার হোসাইন সাঈদী

একাত্তরে মানবতা-বিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর দুই পক্ষই রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের ব্যাপারে চিন্তাভাবনা করছে।
গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে সাঈদীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর আপিল বিভাগের রায় ঘোষণার প্রায় সোয়া এক বছর পর ৬১৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলো। প্রধান বিচারপতিসহ পাঁচ বিচারপতির স্বাক্ষরের পর গতকাল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়ের অনুলিপি প্রকাশ করা হয়।
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা প্রথম আলোকে বলেন, ‘পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা করে আমরা সরকারের সঙ্গে আলোচনা করব। এরপর পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
এর আগে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম একাধিকবার সাংবাদিকদের বলেছেন, সাঈদীর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে নির্দিষ্ট ১৫ দিন সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ আপিল করবে। সর্বশেষ গত ২৩ আগস্ট তিনি নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘সাঈদীর মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে তাঁর মৃত্যুদণ্ডাদেশ চেয়ে রিভিউ পিটিশন করা হবে।’
এদিকে সাঈদীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, ‘পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পাওয়ার পর তা পর্যালোচনা করে এবং ক্লায়েন্টের (সাঈদী) সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’ অবশ্য আপিল বিভাগের রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেছিলেন, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি হাতে পেলে তাঁরা রায় পুনর্বিবেচনার আবেদন করবেন।
সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই রায় ঘোষণা করেছিলেন। বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা সব অভিযোগ থেকে সাঈদীকে খালাস দেন। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী আসামির ফাঁসির রায় দেন। আর তৎকালীন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, বর্তমানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন। এই তিনজনের সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশ হয়।
আপিলের রায়ে ১০, ১৬ ও ১৯ নম্বর অভিযোগে হত্যা, নিপীড়ন, অপহরণ, নির্যাতন, ধর্ষণ ও ধর্মান্তরে বাধ্য করার দায়ে সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেওয়া হয়। ৮ নম্বর অভিযোগের একাংশের জন্য ১২ বছরের এবং ৭ নম্বর অভিযোগে ১০ বছর কারাদণ্ড দেন আপিল বিভাগ।
২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এই রায়ের পর বিভিন্ন স্থানে তাণ্ডব চালায় জামায়াত-শিবির। সহিংসতায় প্রথম তিন দিনেই ৭০ জন নিহত হন।
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা এক মামলায় ২০১০ সালের ২৯ জুন সাঈদীকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ২ আগস্ট তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০১৩ সালের ২৮ মার্চ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ আপিল করে।