দুপক্ষের দ্বন্দ্বে শিশুরা গাছতলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গা​ইবান্ধার আন্দুয়া প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড ঘর, শ্রেণিকক্ষ ও আসবাব ভাঙচুর করায় খোলা আকাশের নিচে চলছে পাঠদান। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
গা​ইবান্ধার আন্দুয়া প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড ঘর, শ্রেণিকক্ষ ও আসবাব ভাঙচুর করায় খোলা আকাশের নিচে চলছে পাঠদান। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

স্থানীয় দুজন প্রভাবশালী। তাঁদের জেদাজেদিতে একই গ্রামে প্রায় একই নামে, একই সময়ে গড়ে উঠল দুটি প্রাথমিক বিদ্যালয়। তারপর একটি জাতীয়করণ হলে প্রতিপক্ষের হামলায় ওই বিদ্যালয়ের শিশুদের ঠাঁই হয় খোলা আকাশের নিচে। বলা হচ্ছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আন্দুয়া গ্রামের আন্দুয়া প্রাথমিক বিদ্যালয়ের কথা।
প্রতিপক্ষের বিদ্যালয়টির নাম ১ নম্বর আন্দুয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ের সভাপতি আসাদুজ্জামান। আর জাতীয়করণ হওয়া বিদ্যালয়ের সভাপতি আবদুস সালাম।
হামলার শিকার বিদ্যালয়টিতে গত ২৮ অক্টোবর গিয়ে দেখা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানটির আশপাশে বিধ্বস্ত টিনশেড ঘরের টিন, কাঠ পড়ে আছে। শ্রেণিকক্ষ না থাকায় খোলা আকাশের নিচে প্রখর রোদে শিশুদের পাঠদান করা হচ্ছে। পাঠদান করছিলেন শিক্ষক খাদিজা আক্তার। তিনি বললেন, ‘আমাদের চেয়ে শিশুরা কষ্ট পাচ্ছে বেশি। তারপরও শিক্ষার্থীদের কথা ভেবে পাঠদান চালিয়ে যাচ্ছি।’
পঞ্চম শ্রেণির ছাত্র মিথুন মিয়া বলে, ‘রোদে ক্লাস করতে গিয়ে ঘাম পড়ে গা থেকে।’ একই শ্রেণির ছাত্রী আঁখি আক্তার বলে, ‘রোদে ক্লাস করছি। কিন্তু বৃষ্টি হলে কীভাবে ক্লাস করব জানি না।’
অনুসন্ধানে জানা গেছে, ২০১০ সালে আন্দুয়া গ্রামে আন্দুয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়। জাতীয়করণের জন্য সরকারি দপ্তরে জমা দেওয়া কাগজপত্রে বিদ্যালয়টির ৪০ হাত দৈর্ঘ্য একটি টিনশেড ঘর, প্রয়োজনীয় আসবাবপত্র, ৩৩ শতক জমি, ব্যাংক জামানত, চারজন শিক্ষক ও ১৫৪ জন শিক্ষার্থী দেখানো হয়।
এদিকে ২০১১ সালে একই গ্রামে ১ নম্বর আন্দুয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নামের আরেকটি বিদ্যালয় গড়ে ওঠে। এটির ক্ষেত্রেও ৩৫ হাত দৈর্ঘ্য টিনশেড ঘর, প্রয়োজনীয় আসবাবপত্র, ৩৩ শতক জমি, ব্যাংক জামানত, চারজন শিক্ষক ও ১৫০ জন শিক্ষার্থী দেখানো হয়।
এর মধ্যে আন্দুয়া প্রাথমিক বিদ্যালয়টি জাতীয়করণ হয়। গত ৩০ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নুজহাত ইয়াসমিন স্বাক্ষরিত এক পরিপত্রে বিদ্যালয়টি জাতীয়করণের কথা বলা হয়। ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে জাতীয়করণ কার্যকর বলে উল্লেখ করা হয় পরিপত্রে। জাতীয়করণের খবরে অপর বিদ্যালয়ের প্রতিষ্ঠাকারীরা আরও খেপে ওঠেন। গত ১০ অক্টোবর ১ নম্বর আন্দুয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আসাদুজ্জামানের বড় ভাই শহিদুল ইসলামের নেতৃত্বে ৫০-৬০ ব্যক্তি অতর্কিত হামলা চালান সরকারি হওয়া বিদ্যালয়টিতে। তাঁরা বিদ্যালয়ের টিনশেড ঘর, আসবাবপত্র ভাঙচুর করে গুঁড়িয়ে দেন।
গ্রামের সাইদুর রহমান বলেন, দুই দলই প্রভাবশালী। এ ঘটনায় শিশুদের ওপর বিরূপ প্রভাব পড়েছে।
ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনাতুল ফেরদৌসী বলেন, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু ঘটনার পর ২৩ দিন পেরিয়ে গেলেও সংস্কার করা হচ্ছে না।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুস সালাম বলেন, ‘উচ্চপর্যায়ের তদন্ত শেষে আমার বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। অথচ তারা ঈর্ষান্বিত হয়ে ভাঙচুরের ঘটনা ঘটায়।
এ ব্যাপারে সহকারী শিক্ষক খাদিজা আক্তার বাদী হয়ে গত ১৩ অক্টোবর শহিদুল ইসলামসহ দুজনের নাম উল্লেখ করে এবং ৫০-৬০ জনকে অজ্ঞাত দেখিয়ে পলাশবাড়ী আমলি আদালতে মামলা করেন। এখন মামলা তুলে নিতে বাদীকে হুমকি দেওয়া হচ্ছে। ফলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’
জানতে চাইলে ১ নম্বর আন্দুয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান বলেন, ‘এ বিষয়ে কিছু জানি না।’
এ বিদ্যালয়ের সভাপতি আসাদুজ্জামান বলেন, ‘দুটি বিদ্যালয়ের একই নাম। এই সুযোগে আমাদের বিদ্যালয়ের জমির দলিল ও অন্যান্য কাগজপত্র দেখিয়ে উচ্চপর্যায়ে তদবির করে তাদের বিদ্যালয় জাতীয়করণ করেছে।’ তাঁর বড় ভাই শহিদুল ইসলাম বলেন, জমিজমা নিয়ে ওই বিদ্যালয়ের সভাপতি আবদুস সালামের পরিবারের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এর জের ধরে বিদ্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে।
এসব বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, ‘বিদ্যালয় ভাঙচুরের বিষয়ে কোনো অভিযোগ পাইনি। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আন্দুয়া প্রাথমিক বিদ্যালয়টি জাতীয়করণ করার চিঠি পেয়েছি।’