শেরপুরে দুই বিচারকের আদালত বর্জন অব্যাহত রেখেছে জেলা আইনজীবী সমিতি। এ নিয়ে গতকাল বুধবার পাল্টাপাল্টি কর্মসূচি পালিত হয়েছে। এতে বিচারপ্রার্থীরা বিপাকে পড়েন। উদ্ভূত পরিস্থিতিতে আদালতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।
আইনজীবী সমিতির আদালত বর্জনের সিদ্ধান্তের প্রতিবাদে জেলা জজশিপের আওতাধীন সব কর্মচারী গতকাল সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। এ সময় আদালতের সব কার্যক্রম বন্ধ ছিল।
নাম প্রকাশ না করার শর্তে জেলা জজশিপের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত ৩০ এপ্রিল জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুমিনুন্নিছা খানম জামিন অযোগ্য একাধিক মামলার ১ নম্বর আসামির জামিন না মঞ্জুর করেন। এতে ক্ষুব্ধ হয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম মোসাদ্দেক ফেরদৌসী বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও বাগ্বিতণ্ডা করেন। জেলা জজ বিষয়টি সমাধানের জন্য সমিতির নেতাদের তাঁর অফিসে আসতে বলেন। কিন্তু সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক তা না করে আদালত বর্জনের ঘোষণা দেন।
এদিকে গতকাল দুপুরে জেলা আইনজীবী সমিতি ও আইনজীবী সহকারী সমিতির সদস্যরা আইনজীবী সমিতি ভবনের সামনে সমাবেশ করেন। এতে জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম মোসাদ্দেক ফেরদৌসী সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য দেন সমিতির বর্তমান ও সাবেক সাধারণ সম্পাদক এম কে মোরাদুজ্জামান ও রফিকুল ইসলাম, আইনজীবী সহকারী সমিতির বর্তমান সভাপতি মো. মোখলেছুর রহমান, সাবেক সহসভাপতি মো. আমিনুল ইসলাম প্রমুখ।
সমাবেশে মোসাদ্দেক ফেরদৌসী বলেন, জেলা ও দায়রা জজ কিরণ শঙ্কর হালদারের স্বেচ্ছাচারিতা, অসৌজন্যমূলক আচরণ ও অযোগ্যতার কারণে বিচারাঙ্গনে অচলাবস্থা বিরাজ করছে। ফলে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁর অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এর আগে গত মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম কে মোরাদুজ্জামানের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ এপ্রিল আদালতে জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম মোসাদ্দেক ফেরদৌসীর সঙ্গে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুমিনুন্নিছা খানম অসৌজন্যমূলক আচরণ করেন। বিষয়টি নিয়ে মুখ্য বিচারিক হাকিম আইনজীবী নেতাদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেন। কিন্তু জেলা জজ কিরণ শঙ্কর হালদার মীমাংসার উদ্যোগ বন্ধ করে উভয় পক্ষকে মুখোমুখি দাঁড় করিয়ে দেন। এর পরিপ্রেক্ষিতে সভায় জেলা ও দায়রা জজের আদালত অনির্দিষ্টকাল এবং জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত এক মাস বর্জনের সিদ্ধান্ত নেয় জেলা আইনজীবী সমিতি।
এ নিয়ে গতকাল বুধবার প্রথম আলোয় ‘দুই আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়।