দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার রংপুর চিনিকলের জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযানের সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের পাহারাদার বাদশা মিয়াকে (৪০) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা একটার দিকে র্যাব ও পুলিশ যৌথভাবে উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায়। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২০-২৫টি অস্থায়ী ঘর ভেঙে আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন তির-ধনুক, শাবল, হাঁসুয়া, বল্লমসহ বিভিন্ন অস্ত্র নিয়ে অবস্থান নেয়। এ সময় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পরে উচ্ছেদ অভিযান বন্ধ করে দেওয়া হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশ ও র্যাব ঘটনাস্থল ত্যাগ করলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন সাহেবগঞ্জ ইক্ষু খামারের আবাসিক কোয়ার্টার, খামার কার্যালয় এবং সেখানে থাকা কিছু মোটরসাইকেল ভাঙচুর করেন।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল বলেন, ১৯৫৫ সালে চিনিকল কর্তৃপক্ষ আখ চাষের জন্য গোবিন্দগঞ্জের মাদারপুর, রামপুরা, সাপমারা, ফকিরগঞ্জ ও সাহেবগঞ্জ এলাকায় ১ হাজার ৮৪০ একর জমি অধিগ্রহণ করে। ১ জুলাই প্রায় ১০০ একর জমি দখল করার উদ্দেশ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন একচালা ঘর নির্মাণ করেন। সেই জমি থেকে দখলদার উচ্ছেদ করা হচ্ছে।
তবে সাহেবগঞ্জ ইক্ষু খামার জমি উদ্ধার কমিটির সহসভাপতি সিলিমিন বাক্সে বলেন, চিনিকল কর্তৃপক্ষ জমি অধিগ্রহণের সময় জমির মালিকদের সঙ্গে চুক্তি করে। সেখানে ওই সব জমিতে আখ ছাড়া অন্য ফসলের চাষ হলে প্রকৃত মালিকদের জমি ফেরত দেওয়ার কথা বলা হয়। কিছুদিন ধরে ওই সব জমিতে ধান ও তামাক চাষ হচ্ছে, অথচ জমি ফেরত দেওয়া হচ্ছে না। এ নিয়ে আন্দোলন করেও কাজ হয়নি। তাই তাঁরা জমি দখল করেছেন।
এদিকে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংহতি কমিটি এ হামলার তীব্র নিন্দা এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জািনয়েছে। গতকাল কমিটির বিবৃতিতে বলা হয়, দুই বছর ধরে ভূমি আন্দোলনের কারণে ২০১৫ সালের ৩০ মার্চ গাইবান্ধার জেলা প্রশাসক সরেজমিনে তদন্ত করে ভূমি মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পেশ করেন। যাতে উল্লেখ আছে, চিনিকলের জন্য দখল করা জমিতে ধান ও অন্যান্য সবজি চাষ করা হচ্ছে, যা চুক্তির পরিপন্থী। তিনি তাঁর তদন্তে আন্দোলনকারীদের অভিযোগের সত্যতা পেয়েছেন বলেও উল্লেখ করেন।