দুপক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে আহত ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলার দক্ষিণ নওয়াপাড়া গ্রামে দুই পক্ষের সহিংসতায় আহত আল আমীন গত শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আল আমীন তিতার খাঁ পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ও পাশের রাজীবের পাড়া গ্রামের ইউনুস সর্দারের ছেলে।

স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করা নিয়ে বিরোধের জের ধরে মঘি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুজন বিশ্বাস ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আনোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে গত বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ নওয়াপাড়ায় নির্বাচনোত্তর সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় পাঁচ-ছয়টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। ওই সময় পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে পড়ে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে আল আমীন ও গৃহবধূ বানু বেগম আহত হন। পরে দুজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আল আমীনকে ঢাকায় পাঠানো হলে গত শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।