দুপচাঁচিয়া ও কাহালুর ৫০০ চালকল চাতাল বন্ধ
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধ-হরতালে বগুড়ার দুপচাঁচিয়া ও কাহালু উপজেলার প্রায় ৫০০ চালকল ও চাতাল বন্ধ হয়ে গেছে। ফলে চালকল ও চাতালে কর্মরত প্রায় ১৫ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন।
কাহালু ও দুপচাঁচিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, দুপচাঁচিয়া উপজেলায় পাঁচটি অটো চালকলসহ ৫২৮টি চালকল রয়েছে। আর কাহালু উপজেলায় সাড়ে তিন শ চালকল ও চাতাল রয়েছে। জেলার মধ্যে সবচেয়ে বেশি ধান-চাল সংগ্রহের বরাদ্দ আসে এ দুটি উপজেলায়।
এ দুটি উপজেলার চালকল মালিক সমিতি সূত্র জানায়, উপজেলার বেশির ভাগ চালকল বন্ধ রয়েছে। দুটি উপজেলার ৮৭৫টি চালকলের মধ্যে প্রায় ৫০০ চালকল বন্ধ। এসব চালকল ও চাতালে কর্মরত নারী ও পুরুষ শ্রমিকেরা বেকার হয়ে পড়েছেন।
দুপচাঁচিয়ার চৌমহনী বাজারে বন্ধ হয়ে পড়া চাতালের ধান সেদ্ধ-শুকানোর শ্রমিক আবেদ আলী বলেন, ‘চাতালত ধান ন্যাই, ব্যারা (বাহির) থ্যাক্যা ট্রাকের ভাড়া ডবল দিয়্যা ধান এন্যা কয়েক দিন চালানোর পর লস হওয়ায় চাতাল বন্ধ কর্যা দিছে মহাজন। এখন রাস্তায় গিয়্যা হামরা রিকশা-ভ্যানও চালাবার পারিচ্চি না। ছাওয়াল পাওয়ালক লিয়্যা কষ্টে আছি।’ প্রায় একই ধরনের কথা বলেন মাজেদা বিবি, আফছার আলীসহ ১৫-২০ শ্রমিক।
কাহালুর বারমাইলে অবস্থিত মেসার্স ফেন্সি চালকলে কর্মরত নারীশ্রমিক ফুতি বিবি ও আবেদা বিবি বলেন, ‘চাতালত ধান ঝ্যাড়া যে টাকা কামাই করি, তা দিয়্যা সংসার খরচ চলিছে। প্রায় এক সপ্তাহ হলো চাতাল বন্ধ। সপ্তাহে কিস্তি আর প্যাটের দায়ে অন্যের বাড়িত একন কাজ করিচ্চি।’
দুপচাঁচিয়া উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, স্থানীয় হাটবাজার থেকে ধান কিনে চাতাল চালানো সম্ভব নয়। উপজেলার বেশির ভাগ চাতাল ব্যবসায়ীরা বাইর থেকে ধান কিনে এনে সেদ্ধ-শুকানোর কাজ করে থাকেন। ঝুঁকি নিয়ে ধান আনা যায় না। ট্রাকের ভাড়া দ্বিগুণ দিয়ে ধান এনে চাল করে তা আবার মোকামে বিক্রি করতে পারছেন না ব্যবসায়ীরা। আর কয়েক দিন অবরোধ থাকলে উপজেলার সব কটি চালকল বন্ধ হয়ে যাবে।
কাহালু উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আলী আহম্মেদ জানান, ধানের অভাবে উপজেলার বেশির ভাগ চালকল ও চাতাল বন্ধ রয়েছে। আবার দেশের কোনো মোকামে চাল পাঠানো যাচ্ছে না। উপজেলা সদরের চালের আড়তে কোনো চালই কেনাবেচা নেই। এভাবে অবরোধ-হরতাল চলতে থাকলে ব্যাংকের মুনাফা ও ক্ষতির হিসাব গুনতে হবে। এতে চাতাল ব্যবসায়ীদের কোমর ভেঙে যাবে।