দুপচাঁচিয়া-তালোড়া সড়ক খানাখন্দে ভরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খানাখন্দ আর কাদাপানিতে বেহাল বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার দুপচাঁচিয়া থেকে তালোড়া পর্যন্ত আট কিলোমিটার সড়ক। তালোড়ায় রেলস্টেশন, কলকারখানা ও ধান-চালের মিল থাকায় এই সড়কটি সব সময় ব্যস্ত থাকে। সড়কটির দীর্ঘদিন সংস্কার না করায় দুর্ভোগে পড়ছেন জনসাধারণ।
বগুড়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, বগুড়া-রাজশাহী মহাসড়কের নন্দীগ্রামের ওমরদীঘি থেকে জয়পুরহাটের আক্কেলপুর পর্যন্ত দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার। কিন্তু ওমরদীঘি থেকে তালোড়া ও দুপচাঁচিয়া হয়ে আক্কেলপুর পর্যন্ত সড়ক দিয়ে এই পথের দূরত্ব মাত্র ৪০ কিলোমিটার। এই পথে যাতায়াত সহজ। এই সড়কের তালোড়া-দুপচাঁচিয়া এলাকা দিয়ে সব সময় ভারী যানবাহন চলাচল করে। কিন্তু সড়কের তালোড়া থেকে দুপচাঁচিয়া পর্যন্ত আট কিলোমিটারের অবস্থা খুবই খারাপ। প্রায় ১০ বছর ধরে এই রাস্তায় বড় ধরনের সংস্কারকাজ করা হয়নি। সড়কটি মেরামতের জন্য কয়েকবার সামান্য বরাদ্দ এলেও তা দিয়ে নন্দীগ্রাম এলাকার আংশিক মেরামতের কাজ করা হয়।
সরেজমিনে দেখা যায়, তালোড়া থেকে দুপচাঁচিয়া পর্যন্ত সড়কটির বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে বড় বড় গর্ত হয়ে গেছে। তালোড়া রেলঘুমটি, তালোড়া আলতাফ আলী উচ্চবিদ্যালয়, লাফাপাড়া, পলিপাড়া, পদ্মপুকুর, লালুকার সেতু, বোড়াইপাড়া মহাশ্মশান, দুপচাঁচিয়া বাজার, মণ্ডলপাড়া, উপজেলা প্রশাসন কার্যালয় এলাকার অবস্থা তুলনামূলকভাবে বেশি খারাপ।
পলিপাড়া গ্রামের ভটভটিচালক আবুল কালাম বলেন, ‘কামায়ের ট্যাকা গাড়িত খরচ করতেই সব শ্যাষ।’ তিনি আরও বলেন, রাস্তায় গর্তের জন্য এক মাস আগে লালুকা ব্রিজের কাছে মালবোঝাই একটি ভটভটি উল্টে গিয়ে এক সাইকেলচালক মারা গেছেন।
স্থানীয় পাঁচজন বাসিন্দা বলেন, তালোড়া পৌরসভা কর্তৃপক্ষ বর্ষার আগে ইট ও ইটের গুঁড়া দিয়ে কিছুটা মেরামত করে। বর্ষার পানিতে সেগুলো সরে গিয়ে সড়কের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। ভারী যানবাহন ঝুঁকি নিয়ে ধীরে ধীরে চলাচল করছে। কোনো কোনো জায়গায় দুটি যানবাহন পরস্পরকে পাশ কাটাতে পারে না।
লাফাপাড়ার বাসিন্দা ট্রাকচালক জমসের আলী বলেন, ধান ও চাল বোঝাই করে দিনে কয়েকবার এই রাস্তা দিয়ে তালোড়ায় যেতে হয়। সারাটা রাস্তা ধীরে ধীরে চলতে হয়। যন্ত্রাংশের ক্ষতি হয় বলে সপ্তাহে দু-এক দিন ট্রাক মেরামতের জন্য দিতে হয়। আট-দশ বছর ধরে তিনি এই রাস্তায় ট্রাক চালাচ্ছেন। এত দিনেও রাস্তা মেরামতের কোনো কাজ হয়নি।
তালোড়া চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক সুভাষ প্রসাদ কানু বলেন, জেলার মধ্যে তালোড়ায় বেশি কলকারখানা গড়ে উঠেছে। রাস্তার কারণে দেড় থেকে দুই গুণ বেশি গাড়ি ভাড়া দিতে হয়।
পৌরসভার মেয়র আবদুল জলিল খন্দকার বলেন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রাস্তায় পৌরসভার কাজ করার নিয়ম নেই। তারপরও এলাকার স্বার্থে রাস্তায় ইট ও খোয়া দেওয়া হয়। পৌরসভা কর্তৃপক্ষ সওজকে অনেকবার এই রাস্তাটি সংস্কার করার কথা বলেছে। কিন্তু এখনো কোনো ফল মেলেনি।
এ বিষয়ে বগুড়ার সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন বলেন, সড়কটির মেরামতের জন্য কয়েকবার অর্থ বরাদ্দ চেয়ে ঢাকার দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে কাজ করা হবে।