দুপচাঁচিয়া পৌর নির্বাচনে ঈদের আমেজ
এবার ঈদুল ফিতরের আমেজ পড়েছে বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে। গত ৩১ জুলাই তফসিল ঘোষণার পরপরই সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন স্থানে ইফতার পার্টি করে ভোটারদের কাছে দোয়া চেয়েছেন। ঈদুল ফিতরের দিন তাঁরা ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময়ও গণসংযোগ করেছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এবার তৃতীয়বারের মতো দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচন হচ্ছে। ১ আগস্ট থেকে মনোনয়নপত্র নেওয়া শুরু হয়। ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ৮ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা রমজানের শেষ কয়েক দিন কর্মী সংগ্রহের জন্য বিভিন্ন মহল্লায় ইফতার পার্টির আয়োজন করেন। এ ছাড়া তাঁরা ঈদের দিন ঈদগাহ মাঠে ভোটারদের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করে দোয়া চান। ঈদের দিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত তাঁরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান।
দলীয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক, পৌর বিএনপির সহসভাপতি বেলাল হোসেন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি নুরুল হক তালুকদার এবং পৌরসভার বর্তমান মেয়র উপজেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা আওয়ামী লীগ এনামুল হক ও বিএনপি নুরুল হককে সমর্থন দিয়েছে।
ব্যবসায়ী আবদুর রাজ্জাক, শরিফুল ইসলাম ও মাহবুবুর রহমান জানান, ঈদের আগে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় ঈদগাহ মাঠে প্রার্থীরা শুভেচ্ছা বিনিময়ের সঙ্গে গণসংযোগ করেছেন। এ কারণে ঈদের আমেজ পড়েছে পৌর নির্বাচনে। কারা নির্বাচিত হবেন, তা এখন বলা যাচ্ছে না। তবে যাঁরা যোগ্য ও এলাকায় কাজ করতে পারবেন, তাঁদের নির্বাচিত করা দরকার।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান বলেন, ‘আমরা এনামুল হককে দলীয়ভাবে সমর্থন দিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’
উপজেলা বিএনপির সভাপতি আবদুল হামিদ জানান, গত রোববার সভা করে বিএনপির পক্ষ থেকে নুরুল হককে মেয়র পদে প্রার্থী হিসেবে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
একাধিক মামলা থাকায় উপজেলা জামায়াতের আমির মুনছুর আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের এক শীর্ষ নেতা জানান, ১৮-দলীয় জোটের শরিক হিসেবে বিএনপি কোনো প্রার্থীকে সমর্থন দিলে জামায়াত সেই প্রার্থীর পক্ষে কাজ করবে।