দুপচাঁচিয়ায় জাপা নেতাকে কুপিয়ে হত্যা
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার জাতীয় পার্টির শহর কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম ওরফে রাহাতকে (৩৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তালোড়া পৌর শহরে এই ঘটনা ঘটে।
দুপচাঁচিয়া থানা পুলিশ দাবি করেছে, জাল টাকা নিয়ে বিরোধের জের ধরে যুবদল-ছাত্রদলের কর্মীরা আরিফুলকে খুন করেছেন।
বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, এক হাজার টাকার একটি জাল নোট নিয়ে কয়েকদিন আগে আরিফুলের সঙ্গে স্থানীয় এক যুবদল নেতার বিরোধ বাঁধে। এ বিরোধ আজ মীমাংসা হওয়ার কথা ছিল। কিন্তু সন্ধ্যায় যুবদল-ছাত্রদলের নেতা-কর্মীরা আরিফুলের ওপর হামলা করেন। তাঁরা আরিফুলকে কুপিয়ে জখম করলে তাঁকে সঙ্গে সঙ্গে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে আরিফুল রাতে মারা যান।
মোজাম্মেল হক আরও বলেন, হামলাকারীদের সর্ম্পকে পুলিশ নিশ্চিত তথ্য পেয়েছে। রাতেই আরিফুলের ওপর হামলাকারিদের গ্রেপ্তার করা হবে।
দুপচাঁচিয়া উপজেলা জাপার সদস্য সচিব মোহাম্মদ আলী আরিফুলের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন।