দুপচাঁচিয়ায় বন্ধ হয়ে গেছে ৬৩০ চাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধান থেকে চাল উৎপাদন করে মণপ্রতি ১০০ টাকা লোকসান হওয়ায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ৬৩০টি চাতাল বন্ধ হয়ে গেছে। এ কারণে এসব চাতালে কর্মরত প্রায় ১৬ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন।
চাতাল ব্যবসায়ীরা জানান, এ উপজেলায় প্রায় ৭০০ চাতাল আছে। এসব চাতালে প্রায় ১৮ হাজার শ্রমিক ধান সেদ্ধ, শুকানো ও চাল ঝাড়ার কাজ করেন। বাজারে ধানের দাম বেশি। কিন্তু সেই অনুপাতে চালের দাম বাড়েনি। বর্তমানে এক মণ ধান কিনে সেদ্ধ ও শুকানোর পর চাল বের করলে ৯০ থেকে ১০০ টাকা লোকসান হয়। এ কারণে উপজেলার ৬৩০টি চাতাল বন্ধ হয়ে গেছে। ধান মজুত করে রাখার কারণে ৭০টি চাতাল লোকসান দিয়েও চালু রেখেছেন মালিকেরা। আগামী এক মাসের মধ্যে এগুলোও বন্ধ হয়ে যাবে।
মেসার্স ভাই ভাই অ্যান্ড মামা-ভাগনে অটো রাইস মিলের মালিক মোকলেছুর রহমান বলেন, কোটি কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে কারখানা করার পর এবারই চাল বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে। উপরন্তু ব্যাংকের সুদ দিতে হচ্ছে।
মেসার্স রহিমা চালকলের শ্রমিক ছবের আলী বলেন, ‘চাতাল বন্ধ হয়ায় ছোলপোলক লিয়্যা বড় বিপদে পড়িছি। রিকশাভ্যান চলা সংসার খরচ চলাচ্ছি।’ ওই চাতালে কর্মরত নারী শ্রমিক ওলেদা বিবি বলেন, ‘চাতাল বন্ধ হয়্যা যাওয়ায় ধার দেনা কর‌্যা চলা লাগিচ্চে। গত কয়েক বছরে ইংক্যা (এ রকম) বিপদত পড়িনি।’
দুপচাঁচিয়ার ধাপসুলতানগঞ্জ হাটে ৩ অক্টোবর গিয়ে দেখা যায়, প্রতি মণ পাইরি জাতের ধান ৭৭০-৭৮০, জিরা জাতের ৯১৫-৯২০, বিআর-২৮ ও ২৯ জাতের ৮১০-৮১৫ টাকায় বিক্রি হচ্ছে। ওই দিন উপজেলা শহরের চালের মোকামে প্রতি মণ পাইরি জাতের চাল এক হাজার ১১৫ থেকে এক হাজার ১২০ টাকা, জিরা জাতের এক হাজার ৩১০ থেকে এক হাজার ৩২০ টাকা, বিআর-২৮ ও ২৯ জাতের চাল এক হাজার ৯০ থেকে এক হাজার ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মেসার্স তাবাসসুম চালকলের মালিক শরিফুল জামি জানান, প্রতি মণ পাইরি জাতের ধান ৭৮০ টাকায় কিনে সেদ্ধ ও শুকিয়ে উৎপাদন করার পর এক কেজি চালের দাম পড়ে ৩৪ টাকা। কিন্তু এক কেজি চালের বর্তমান বাজারদর ৩০ টাকা ৫০ পয়সা। সব ধরনের ধানের সঙ্গে চালের বাজারদরের কোনো মিল নেই। চাতাল ব্যবসায়ীরা আর কত লোকসান দিয়ে চাতাল চালু রাখবেন!
মেসার্স গৌতম রাইস এজেন্সির মালিক (আড়তদার) রমেন্দ্রনাথ বসাক বলেন, চালের এই মোকাম (দুপচাঁচিয়া উপজেলা শহর) থেকে আগে বছরের এই সময়ে প্রতিদিন ৩৫-৪০ ট্রাক চাল দেশের বিভিন্ন স্থানের মোকামে যেত। এখন সারা দিনে পাঁচটি ট্রাকও যায় না। এর অন্যতম কারণ হচ্ছে ভারতীয় রুপির চেয়ে টাকার মান বেড়ে যাওয়া। এ কারণে বাংলাদেশের ব্যবসায়ীরা ভারত থেকে এলসির মাধ্যমে কম দামে চাল আমদানি করে লাভ করছেন। এতে মোকামগুলোতে চালের দাম কমে গেছে।
দুপচাঁচিয়া উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মোবারক আলী বলেন, এবার শুরু থেকেই চাল বিক্রি করে চাতালমালিকদের লোকসান হচ্ছে। তাই উপজেলার অধিকাংশ চাতাল এখন বন্ধ।