দুপচাঁচিয়ায় ব্যাংকের কার্যক্রম ব্যাহত, ভোগান্তিতে গ্রাহকেরা
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ব্যাংকগুলোর কার্যক্রম ব্যাহত হচ্ছে। ব্যাংকে টাকা না থাকায় ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীসহ গ্রাহকেরা। টাকা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন তাঁরা।
দুপচাঁচিয়া উপজেলায় সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংকের তিনটি করে এবং রূপালী, রাজশাহী কৃষি উন্নয়ন, ইসলামী ব্যাংক ও সোস্যাল ইসলামী ব্যাংকের একটি করে শাখা রয়েছে।
উপজেলার তালোড়া মুন্সিপাড়ার জয়নাব বিবি জানালেন, ছেলেকে বিদেশে পাঠানোর জন্য টাকা তুলতে এসে দেখেন ব্যাংক টাকা দিচ্ছে না। পরে ব্যাংকের কর্মকর্তাদের অনেক অনুরোধ করলে টাকার ব্যবস্থা করেন তাঁরা। গত সোমবার রূপালী ব্যাংক লিমিটেডের দুপচাঁচিয়া শাখায় গিয়ে এ ঘটনা জানা গেছে। এই ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. কামরুজ্জামান বলেন, রোববার এক গ্রাহক জমি কেনার জন্য তাঁর প্রবাসী ছেলের পাঠানো টাকা নিতে এসে ফেরত গেছেন।
সোনালী ব্যাংক লিমিটেডের দুপচাঁচিয়া শাখার ব্যবস্থাপক ফারায়েজুল হক বলেন, প্রতিদিন শাখায় চার থেকে সাড়ে চার কোটি টাকা লেনদেন হয়। চাহিদামতো করপোরেট শাখা থেকে টাকা এনে ব্যাংক চালানো হয়। এখন টানা অবরোধের কারণে ঝুঁকি নিয়ে টাকা আনা যাচ্ছে না। তাই গ্রাহকদেরও দেওয়া যাচ্ছে না।
উপজেলার সিও অফিস চাল মোকামের ‘মেসার্স গৌতম রাইছ’ মিলের মালিক গৌতম কুমার বসাক বলেন, কয়েক দিন হলো ব্যাংক চাহিদামতো টাকা দিচ্ছে না। আর তিন-চার দিন ধরে ব্যাংক ব্যবসায়ীদের কোনো টাকাই দিচ্ছে না। টাকার জন্য চাল কেনাকাটা বন্ধ রাখা হয়েছে।
চাতাল ব্যবসায়ী মেসার্স খাজা চালকলের মালিক নাজমুল আরেফিন বলেন, ‘একদিকে চাতালের উৎপাদিত চাল বিক্রি করতে পারছি না, অন্যদিকে ব্যাংক টাকা না দেওয়ায় হাটে কোনো ধানও কিনতে পারছি না।’
অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক ইয়াছিন আলী বলেন, যেভাবে টাকা জমা হয়, তার পরিমাণ বুঝে কমবেশি করে গ্রাহকদের টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বড় ধরনের কোনো লেনদেন করা যাচ্ছে না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান খান বলেন, পুলিশি পাহারায় ব্যাংকের টাকা নিয়ে আসা খুব ঝুঁকিপূর্ণ। এরপর জেলা প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে টাকা আনতে হয়। গত বছরে টানা হরতাল-অবরোধের সময় টাকার ব্যবস্থা করা হয়েছিল। তবে এবার পুলিশ কর্মকর্তারা এসব ঝামেলা নিতে চান না।