দুপচাঁচিয়ায় হিটস্ট্রোকে এক শ্রমিকের মৃত্যু
বগুড়ার দুপচাঁচিয়ায় হিটস্ট্রোকে বিলায়েত আলী (৪৭) নামের এক শ্রমিক মারা গেছেন। গতকাল শনিবার ভোররাতে তিনি মারা গেছেন।
বিলায়েত আলী দুপচাঁচিয়া পৌর এলাকার মৃত আবদুর রহমানের ছেলে। তিনি উপজেলা সদরের একটি চালকলে মিস্ত্রির(চালক) কাজ করতেন।
বিলায়েতের স্ত্রী মর্জিনা বেগম জানান, তাঁর স্বামীর কোনো অসুখ ছিল না। গত শুক্রবার রাতে ধান ভাঙার মিলে কাজ করে গভীর রাতে বাড়ি ফেরেন। রাতের খাবার খাওয়ার পর তিনি শুয়ে পড়েন। এ সময় তিনি গরমে ছটফট করছিলেন। একপর্যায়ে বুকের ব্যথার কথা বলায় বাড়ির লোকজন তাঁকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে যান। অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহসিন আলী বলেন, কয়েক দিন হলো প্রচণ্ড গরম। দিনে তাপমাত্রা খুব বেশি। রোদে বেশিক্ষণ থাকা যাবে না। এ সময় শিশু ও বয়স্কদের রোগবালাই বেশি হবে। সব সময় পানি বা তরল জাতীয় খাবার বেশি খেতে হবে। তাপমাত্রা না কমা পর্যন্ত সব বয়সের লোকজনের হিটস্ট্রোক হওয়ার আশঙ্কা বেশি।