দুপচাঁচিয়া ও আত্রাইয়ে পৃথক দুর্ঘটনা, নিহত ৩
বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রেনের ধাক্কায় মজনু প্রামাণিক (৬৩) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। তিনি উপজেলার কইল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। এদিকে নওগাঁর আত্রাই উপজেলার রসুলপুর নামক স্থানে ভটভটি ও ট্রলির সংঘর্ষে দুজন প্রাণ হারিয়েছেন।
দুপচাঁচিয়া রেলস্টেশন-সংলগ্ন এলাকার বাসিন্দারা জানান, গতকাল রোববার মজনু আলতাফনগর বাজার থেকে নাশতা খেয়ে কাজের উদ্দেশ্যে রওনা দেন। সকাল সাড়ে নয়টার দিকে রেলস্টেশনের পূর্ব পাশের রেললাইনের ধার দিয়ে হাঁটছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
তালোড়া ইউপির সদস্য অশোক কুমার দেব বলেন, দিনমজুর মজনু কানে কম শুনতেন। সম্ভবত এ কারণেই রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় তিনি দুর্ঘটনার শিকার হন।
আলতাফনগর রেলস্টেশনের মাস্টার আশরাফুল ইসলাম বলেন, ৭১৩ আপ করতোয়া এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার থেকে বুড়িমারী যাওয়ার পথে ওই ট্রেনের ধাক্কায় মজনু মারা যান।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মহিদুল ইসলাম বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আত্রাইয়ের দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশের দেওয়া তথ্য থেকে জানা যায়, গত শনিবার সকালে আত্রাই মাছবাজার থেকে যাত্রীবাহী একটি ভটভটি রসুলপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা এক ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভটভটিচালক ও এক যাত্রী গাড়ি থেকে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত হন আরেকজন।
নিহত দুজন হলেন ভটভটিচালক উপজেলার রসুলপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫) ও অনাথ হালদারের ছেলে বিশ্বনাথ হালদার (২৬)। গুরুতর আহত একই গ্রামের মংলা হালদারের ছেলে লক্ষ্মণ হালদারকে (৩৮) তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।