দুপচাঁচিয়া ও শেরপুরে অস্ত্র গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জয়পুরপাড়া থেকে গত বৃহস্পতিবার দুটি গুলিসহ একটি শার্টার গান উদ্ধার করেছে পুলিশ। একই দিন পুলিশ শেরপুর উপজেলার উত্তরসাহাপাড়ার শীতলাঘাট এলাকা থেকে একটি পাইপগান ও দুটি গুলি উদ্ধার করেছে। এসব ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপচাঁচিয়া থানার পুলিশ আসামি ধরার জন্য গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে পৌরবাজার দিয়ে জয়পুরপাড়ায় যাওয়ার পথে কয়েকজন তরুণকে আড্ডা দিতে দেখে। পুলিশ দেখে তারা সেখানে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ওই ব্যাগ থেকে একটি শার্টার গান ও দুটি গুলি উদ্ধার করে। খবর পেয়ে রাতেই সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) উজ্জল কুমার রায় থানায় আসেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেঞ্চদ বলেন, নির্বাচনকে সামনে রেখে মাঠ দখলে রাখার জন্য কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মী বা সন্ত্রাসীরা এ কাজ করতে পারে। পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে শেরপুর পৌর শহরের উত্তরসাহাপাড়ায় ৮-১০ জন অপরিচিত লোককে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী থানায় খবর পাঠায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই অপরিচিত লোকজন চলে যায়। পুলিশ এসে ওই পাড়ার শীতলাঘাট এলাকার একটি নালার পাশ থেকে একটি পাইপ গান ও দুটি গুলি উদ্ধার করে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী জানান, নাশকতা চালানোর জন্যই অপরিচিত লোকজন আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় এসে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অস্ত্রধারীদের শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে।