দুপচাঁচিয়া, কাহালুতে কয়েকটি পাঠ্যবই পায়নি শিক্ষার্থীরা
নতুন বছরের ১৬ দিন পেরিয়ে গেলেও বগুড়ার দুপচাঁচিয়া ও কাহালু উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের পুরো সেট হাতে পায়নি। বিদ্যালয়ে পুরোদমে লেখাপড়া শুরু হওয়ার পরও বই না পেয়ে হতাশ হয়ে পড়েছে শিক্ষার্থীরা। তারা আর এ বইগুলো পাবে কি না, তা নিয়েও শঙ্কিত হয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, দুপচাঁচিয়া উপজেলায় ষষ্ঠ শ্রেণির ১৪টি বইয়ের মধ্যে মূল বইগুলোই শিক্ষার্থীরা এখনো পায়নি। এগুলো হলো চারুপাঠ, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা। সপ্তম শ্রেণির আনন্দপাঠ, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, অষ্টম শ্রেণির আনন্দপাঠ, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, নবম শ্রেণির ভূগোল, জীববিজ্ঞান, কম্পিউটার শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা। কাহালু উপজেলায় ষষ্ঠ শ্রেণির গণিত, ইসলাম ও নৈতিক শিক্ষা, সপ্তম শ্রেণির আনন্দপাঠ, ইসলাম ও নৈতিক শিক্ষা, নবম শ্রেণির পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান, ভূগোল, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার শিক্ষা বই শিক্ষার্থীরা পায়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, দুপচাঁচিয়া উপজেলায় মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক ৩৬টি বিদ্যালয় আছে। আর কাহালু উপজেলায় ৩১টি বিদ্যালয় আছে।
গতকাল সোমবার দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, মলাট লাগানো নতুন বই নিয়ে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে বসে পাঠ নিচ্ছে। আছির উদ্দিন চিশতি মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জুনাইদ হোসেন জানায়, ক্লাস শুরু হলেও সেটের ছয়টি বই এখনো তারা পায়নি। শিক্ষকেরা পুরোনো বছরের বই দিয়েই ক্লাস করাচ্ছেন। কিন্তু তাদের কাছে বই না থাকায় পড়া বুঝতে অসুবিধা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক বলেন, শিক্ষার্থীরা বই না পেলে ক্লাসে গিয়ে ঠিকমতো পড়ানো যায় না।
দুপচাঁচিয়া আছির উদ্দিন চিশতি মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হামিদ বলেন, ‘বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। তবে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ১৪টি বইয়ের মধ্যে আটটি পাওয়া গেছে। মূল বইগুলোরই ঘাটতি রয়েছে। প্রতিদিনই শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। অন্যান্য শ্রেণিরও দু-একটা করে বই ঘাটতি রয়েছে। তবে গত বছর নবম শ্রেণির বিজ্ঞান ক্লাসের যে দুটি বইয়ের ঘাটতি ছিল, সারা বছরেও আর তা মেলেনি।
কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন মুঠোফোনে বলেন, সব শ্রেণিরই কম-বেশি দু-একটা বই ঘাটতি আছে। শিক্ষার্থীদের ঠিকমতো বই দিতে না পারলে শ্রেণিতে পাঠদান করাও কঠিন হয়ে পড়ে।
দুপচাঁচিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক সরকার বলেন, অন্য ক্লাসের দু-একটা বই ঘাটতি থাকলেও বিভিন্ন বিদ্যালয়ে খোঁজ নিয়ে উদ্বৃত্ত বই সংগ্রহ করে ঘাটতি মেটানো যাচ্ছে। কিন্তু ষষ্ঠ শ্রেণির বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। কারণ এই শ্রেণির পাঠ্যবইয়ের তালিকার বেশ কয়েকটি বই আসেনি।
বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র মুঠোফোনে বলেন, বই তো অন দ্য ওয়ে। দেশের সব শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে বই তুলে দেওয়া সরকারের একটা সাফল্য। সমস্যা কম-বেশি থাকবেই। তারপরও সব উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে তাঁর এলাকার ঘাটতি বইয়ের তালিকা চাওয়া হয়েছে। এ সপ্তাহের মধ্যেই বইয়ের চাহিদা মেটানো হবে।