দুপচাঁচিয়া পৌর মেয়র ও সচিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতারণা করে অর্থ আত্মসাৎ-সংক্রান্ত দুদকের মামলায় বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম ও সচিব কার্তিকচন্দ্র দাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল সোমবার বগুড়ার বিশেষ আদালতের জজ মো. আবদুল মতিন এই পরোয়ানার আদেশ জারি করেন।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, মেয়র জাহাঙ্গীর আলম ও পৌরসভার সচিব কার্তিকচন্দ্র দাস ২০০৬ সালে দুপচাঁচিয়া ধাপ সুলতানগঞ্জ হাটের ইজারার টাকা আদায় করতেন। তাঁরা ভুয়া ব্যক্তিদের নামে অনুদান, ভুয়া প্রকল্প গ্রহণ ও গাড়ি মেরামতের খরচ দেখিয়ে মোট ১৩ লাখ ৬৮ হাজার টাকা আত্মসাৎ করেন। ২০০৭ সালের ২৩ অক্টোবর দুপচাঁচিয়া পৌরসভার তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলাল হোসেন এ ব্যাপারে দুপচাঁচিয়া থানায় মামলা করেন। দুদক বগুড়া কার্যালয়ের তৎকালীন উপ-পরিচালক ফানাফিল্যাহ মামলাটি তদন্ত করে অভিযোগপত্র দাখিল করেন।