দুপচাঁচিয়ার কয়েক শ মানুষ সাড়ে ৬ লাখ টাকা বাগিয়ে চম্পট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় ইউএনএসএস নামের একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তারা গ্রাহকদের সাড়ে ছয় লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে। গত সোমবার রাতে পালানোর সময় স্থানীয়রা এনজিওর এক কর্মীকে আটক করে পুলিশে দেয়। আটক হওয়া বুলবুল আহমেঞ্চদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার লোহাইর গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী, গ্রাহকদের অভিযোগ ও আটক কর্মীর দেওয়া তথ্য থেকে জানা যায়, উপজেলার চৌমহনী বাজারে গত মার্চ মাসে ইউনাইটেড ন্যাশনাল সোস্যাল সোসাইটি (ইউএনএসএস) নামের এনজিওটি কার্যক্রম শুরু করে। সংস্থাটি বিভিন্ন গ্রামে সাতটি শাখা খুলে সদস্য সংগ্রহ শুরু করে। এই সময়ের মধ্যে তারা ২৪০ জনকে সদস্য বানিয়ে দুই হাজার ৫৫০ টাকা হারে ছয় লাখ ১২ হাজার এবং গত এক সপ্তাহে নতুন সদস্য হিসেবে আরও ২৬৫ জনের কাছ থেকে ১৯ হাজার ৮৭৫ টাকা হাতিয়ে নেয়।

গতকাল মঙ্গলবার আগের ২৪০ সদস্যের প্রত্যেককে গরু-হাঁস-মুরগি পালনের জন্য ২৫ হাজার টাকা করে ঋণ দেওয়ার কথা ছিল। কিন্তু গত সোমবার সন্ধ্যায় এনজিওটির কার্যালয়ের সাইনবোর্ড খুলতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তখন তারা সংস্থাটির কোষাধ্যক্ষ বুলবুল আহমেঞ্চদকে আটক করে পুলিশে দেয়। তবে ব্যবস্থাপক মামুন হোসেন, সহকারী ব্যবস্থাপক আবদুল মান্নান, অফিস সহকারী শেফালী খাতুন পালিয়ে যেতে সক্ষম হন। যোগাযোগের চেষ্টা করা হলে তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

চামরুল গ্রামের রহিম উদ্দিন, আনোয়ার হোসেন, চৌমহনী বাজারের ফারুক আহমেঞ্চদ বলেন, এনজিও কর্মীরা চৌমহনী বাজারের আবদুল মজিদের বাসা ভাড়া নেন। পরে স্থানীয় পল্লি চিকিৎসক নজরুল ইসলামের সহযোগিতায় সদস্য সংগ্রহ করেন। গত সোমবার স্থানীয়দের হাতে কোষাধ্যক্ষ আটকের পরপরই নজরুল ও মজিদ পালিয়েছেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জ্যোতিষ চন্দ্র প্রামাণিক জানান, তাঁর দপ্তরে ইউএনএসএস নামে কোনো এনজিওর নিবন্ধন নেই।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেঞ্চদ বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।