ধান সেদ্ধ-শুকানো প্রক্রিয়া শেষ করে উৎপন্ন চাল বিক্রি করতে গিয়ে লোকসান হওয়ায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বেশির ভাগ চাতাল বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা।
উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজি আবদুর রাজ্জাক বলেন, কয়েক বছর চাতাল ব্যবসায়ীদের ব্যবসা ভালো যাচ্ছে না। প্রতি মণ ধান থেকে উৎপন্ন চাল বিক্রি করতে গিয়ে ৬০-৭০ টাকা লোকসান গুনতে হচ্ছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করা বেশির ভাগ ব্যবসায়ী দেউলিয়া হওয়ার আশঙ্কায় চাতাল বন্ধ করে দিচ্ছেন। এ কারণেই আট শতাধিক চাতালের বেশির ভাগই ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে।
হাজি আবদুর রাজ্জাক আরও জানান, প্রায় প্রতিদিনই উপজেলায় দু-একটি করে চাতাল বন্ধ হয়ে যাচ্ছে। এ কারণে বেকার হয়ে পড়ছেন এর সঙ্গে জড়িত প্রায় সাড়ে ১২ হাজার শ্রমিক।
উপজেলার চৌমুহনী বাজারে অবস্থিত মেসার্স মা চালকলের মালিক সরোয়ার হোসেন বলেন, ‘দু-তিন বছর যাবৎ এখানে চাতাল ব্যবসার অবস্থা খারাপ। আগে ধান কিনে চাল উৎপাদন করে লাভ না হলেও ধানের তুষ-গুঁড়া আর ছাই বিক্রি করেও লাভ হতো। এবার ধান কিনে চাতাল চালাতে গিয়ে প্রতি চাতালে ১০-১২ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে। তাই চাতাল বন্ধ করে দিয়েছি।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় ছোট-বড় ৫২৮টি চাতাল (হাসকিং মিল) সরকারি গুদামে চাল দেওয়ার জন্য চুক্তি করেছিল। এ ছাড়া ধান ভাঙার মিল নেই, এমন দুই শতাধিক চাতালও চুক্তিবদ্ধ আছে। এ উপজেলায় চালের সরকারি সংগ্রহের লক্ষ্যমাত্রা ২৪ হাজার মেট্রিক টন। এর মধ্যে প্রায় দুই হাজার মেট্রিক টন চাল এখনো সংগ্রহ করা বাকি আছে।
সরেজমিন গত রোববার খোঁজ নিয়ে জানা যায়, ধাপসুলতানগঞ্জের হাটে জিরা জাতের ধান মণপ্রতি ৭২৫ টাকা, উচ্চফলনশীল জাতের হীরা ধান ৪৩০ টাকা, বিআর-২৮ জাতের ধান মণপ্রতি ৬৪৫ টাকা ও পোটলা পাইরি জাতের ধান ৫৮০ টাকা দরে কেনাবেচা হয়।
আড়তদার মেসার্স গৌতম রাইস মিলের মালিক রমেন্দ্রনাথ বসাক বলেন, এবার চাতাল ব্যবসায়ীদের দুর্দিন যাচ্ছে। জিরা জাতের চাল ২০-২৫ দিন আগেও ১ হাজার ২০০ টাকায় কেনাবেচা হয়েছে। এখন তা ১ হাজার ১০০ টাকা মণ দরে বিক্রি করা হচ্ছে। হীরা জাতের ধানের চালের কোনো বেচাকেনা নেই। বিআর-২৮ জাতের চালের দাম এখন ৯৭০ টাকা, যা ২০ দিন আগেও ছিল ১ হাজার ৪০ টাকা। প্রতিটি জাতের চালের বাজারদর মণপ্রতি ৭০-৮০ টাকা করে কমে গেছে।
উপজেলা বণিক সমিতির সভাপতি হাজি শামসুদ্দিন আহম্মেদ বলেন, আগে এ অঞ্চলের মোকাম থেকে প্রতিদিন ৩০-৪০ ট্রাক চাল ব্যাপারীরা নিয়ে যেতেন। এখন সারা দিনে তিন-চারটি ট্রাক চাল পূর্ণ হয় না।