দুপচাঁচিয়ার মোকামে কাল থেকে চাল বেচাকেনা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক চালবোঝাই ট্রাক ছিনতাই এবং ছিনতাইকারীদের হাতে দুজন চালক খুন হওয়ার প্রতিবাদে কাল মঙ্গলবার থেকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মোকাম থেকে চাল বেচাকেনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে। গত শনিবার উপজেলার চাল ব্যবসায়ী, চালকল মালিক, ট্রাক চালক, মালিক ও শ্রমিকদের যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। শনিবার বিকেলে শহরের উপজেলা সড়কে উপজেলা চালকল মালিক সমিতির কার্যালয়ে উপজেলা বণিক সমিতি, চাল আড়তদার, মিল মালিক, ট্রাক মালিক ও উপজেলা সম্মিলিত শ্রমিক পরিষদের যৌথ উদ্যোগে এ সংবাদ সম্মেলন হয়। উপজেলা আড়তদার সমিতির সভাপতি আজিমুদ্দিন প্রাং সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত এক বছরে দুপচাঁচিয়ার মোকাম থেকে ছেড়ে যাওয়া চাল ও গমবোঝাই ৮-১০টি ট্রাক ছিনতাই হয়েছে। এতে ব্যবসায়ীদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া সম্প্রতি দুষ্কৃতকারীরা দুজন ট্রাকচালককে হত্যা করেছে। এ ঘটনায় ব্যবসায়ী, ট্রাক মালিক ও শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এসব ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলনে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য দুপচাঁচিয়ার মোকাম থেকে চাল কেনাবেচা, সরবরাহ ও ট্রাক লোড-আনলোড বন্ধের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আড়তদার সমিতির সাধারণ সম্পাদক আবদুল আলী প্রাং, মিল মালিক সমিতির সভাপতি মোবারক আলী, ট্রাক মালিক সমিতির সভাপতি সামছুদ্দিন, সম্মিলিত ট্রাক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মহিদুল ইসলাম, ব্যবসায়ী ফরিদ মোল্লা, রমেন বসাক প্রমুখ।