দুপচাঁচিয়ায় আ.লীগ ও শ্রমিক দলের সংঘর্ষে আহত ৯
বগুড়ার দুপচাঁচিয়ার তালুচ বাজারে গত শুক্রবার রাতে আওয়ামী লীগ ও বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের নয়জন আহত হন। এ সময় শ্রমিক দলের নেতা-কর্মীরা আওয়ামী লীগের একটি কার্যালয় ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার গুনাহার ইউনিয়ন আওয়ামী লীগ ও শ্রমিক দলের নেতা-কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার রাত পৌনে আটটার দিকে তালুচ বাজারের একটি চায়ের দোকানে গুনাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন দলীয় কর্মীদের নিয়ে বসেছিলেন। এ সময় শ্রমিক দলের কয়েকজন নেতা-কর্মী তাঁদের লক্ষ্য করে গালিগালাজ করেন। আওয়ামী লীগের কর্মীরা এর প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে শ্রমিক দলের নেতা-কর্মীরা গুনাহার ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেন। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুনাহার ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান তালুকদার বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা শ্রমিক দলের নেতা-কর্মীদের ওপর হামলা করেন এবং তাঁরা নিজেরাই তাঁদের কার্যালয় ভাঙচুর করেছেন। রাতে থানায় গেলেও পুলিশ আমাদের মামলা নেয়নি।’গুনাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বলেন, শুক্রবার রাতে শ্রমিক দলের নেতা-কর্মীরা কার্যালয় ভাঙচুর করলে তাঁদের লোকজন বাধা দেয়। এ সময় শ্রমিক দলের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। এতে তাঁদের আটজন নেতা-কর্মী আহত হন।দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় কোনো পক্ষই থানায় কোনো অভিযোগ করেনি।